২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টন হামলা: গ্রেপ্তার আরো ৩

বস্টনে ১৫ এপ্রিলের ম্যারাথন দৌড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আরো তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।বোস্টনের পুলিশ বিভাগ বুধবার তাদের কার্যালয়ের টুইটার বার্তায় একথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় কিংবা বোমা হামলার ঘটনায় তাদের ভূমিকার ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।

পুলিশের মুখপাত্র ক্যাথরিন শেয়া টেলিফোনে বলেন, এ ব্যাপারে বিস্তারিত আর কিছু তাদের জানা নেই।গ্রেপ্তারের ঘটনাটি মাত্রই ঘটেছে।

তদন্তকারীরা এর আগে হামলার ঘটনায় চেচেন বংশোদ্ভূত দুই ভাইকে চিহ্নিত করে।তারা প্রেসার কুকারে বানানো বোমা নিয়ে ১৫ এপ্রিলের ওই হামলা চালিয়েছিল বলে জানা গেছে তদন্তে।ওই হামলায় তিনজন নিহত এবং ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়।

ওই দুই ভাইয়ের একজন তামেরলান সারনায়েভ(২৬)পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়।আর তার ছোটভাই জোখার সারনায়েভ(১৯)পুলিশের গুলিতে আহত হয়ে কারা হাসপাতালে চিকিৎসাধীন।তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার বস্টন পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, “বস্টন ম্যারাথনে হামলার ঘটনায় সন্দেহভাজন আরো তিনজনকে কাস্টডিতে নেয়া হয়েছে।এ মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানানোর মতো তথ্য নেই।”

কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, দুই ভাই নিজেরাই বোমা হামলা চালিয়েছিল বলেই ধারণা করছে তারা।

তাছাড়া, জিজ্ঞাসাবাদের সময় জোখার সারনায়েভও বলেছিলেন, ইরাক এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধে ক্ষুব্ধ হয়েই তিনি ও তার বড় ভাই বস্টনে হামলা চালান।
তামেরলান ১৯ এপ্রিলে নিহত হন। তার মৃতদেহ ফিরিয়ে নেয়ার ব্যাপারে পরিবার থেকে এখনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

ওদিকে, তামেরলান এবং জোখার সারনায়েভের বাবা-মা ছেলেদেরকে নির্দোষ দাবি করেছেন।