২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

আফগানিস্তানে নেটোর বাগরাম বিমান ঘাঁটিতে একটি বেসামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির সাত ক্রু নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 04:34 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার এ ঘটনা ঘটেছে বলে নেটোর কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

ঘাঁটির নেটো মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের পরপরই ঘাঁটির সীমান দেওয়ালের কাছে পরে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

তালেবানের পক্ষ থেকে বিমানটি বিধ্বস্ত করার দাবি জানানো হয়েছে, কিন্তু এ ঘটনায় তালেবানের জড়িত থাকার কথা অস্বীকার করেছে নেটো।

আফগান রাজধানী কাবুলের কাছে অবস্থিত বাগারাম আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি।

বাগরাম জেলার গভর্নর আব্দুল শুকুর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উড্ডয়নের পর প্রায় ৪শ’ মিটার উচ্চতায় ওঠার পর বিমানটি হঠাৎ নিচে পড়ে যেতে শুরু করে।

বিমানটির স্বত্ত্বাধিকারী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক ন্যাশনাল এয়ার কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, “সাত ক্রুর সবাইকে হারিয়েছি আমরা।”

ঘটনার পরপরই তালেবানের পক্ষ থেকে পাকিস্তানভিত্তিক আফগান ইসলাম প্রেসকে জানানো হয়, তাদের গুলিতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

কিন্তু নেটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্টান্ট ফোর্স (আইএসএএফ) এর পক্ষ থেকে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ঘাঁটির ভিতরে বা আশপাশে কোনো ধরনের জঙ্গি তৎপরতার খবর পাওয়া যায়নি।

তবে নেটোর পক্ষ থেকেও বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো কারন জানানো হয়নি। বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে নেটোর পক্ষ থেকে জানানো হয়েছে।

মাত্র দুইদিন আগে আফগানিস্তানের জাবুল প্রদেশে নেটোর অপর একটি বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়। জঙ্গি তৎপরতা নয়, খারাপ আবহাওয়ার কারনে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নেটোর কর্মকর্তারা দাবি করেছেন ।