ইরাকে গাড়িবোমা, গুলিতে নিহত ২৩
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শিয়া মুসলিম এলাকায় সোমবার কয়েকদফা গাড়িবোমা হামলা এবং বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে।
গণমাধ্যম ও পুলিশ সূত্রগুলো একথা জানিয়েছে।এতে করে ইরাকে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২শ’ জনে।
সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে ইরাকে জঙ্গি হামলা আরো বাড়ছে।যুক্তরাষ্ট্রের সেনারা একবছরেরও বেশি সময় আগে ইরাক ছেড়ে চলে যাওয়ার পর এখন দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।
সো্মবার দুটো গাড়িবোমা হামলা হয়েছে বাগদাদ থেকে ৩শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বের আমারা এলাকায়।এতে অন্তত ৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়।তৃতীয় গাড়িবোমা হামলা হয় বাগদাদের ১৫০ কিলোমিটার দক্ষিণে দিওয়ানিয়ার একটি বাজারে।এতে ২ জন নিহত হয়।
কারবালার একটি ব্যস্ত বাজারে দাঁড় করে রাখা আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয় অন্তত ৩ জন এবং বাগদাদের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে মাহমুদিয়ায় শিয়া এলাকার কাছে বিস্ফোরণে নিহত হয় আরো ৬ জন।
অন্যদিকে, বাগদাদের ৩৯০ কিলোমিটার উত্তরে মসুলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে ২ সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে সামরিক কয়েকটি সূত্র।
পুলিশ জানায়, বাগদাদের পূর্বাঞ্চলে মাদায়েন এলাকায় এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছে টহলরত এক সেনা।
সোমবারের বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি।তবে ইরাকে গাড়িবোমা এবং আত্মঘাতী বোমা হামলাগুলো সাধারণত সুন্নি ইসলামিক আল কায়েদা শাখা ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক’ই চালিয়ে থাকে।
