ভেনেজুয়েলায় ভোটের হিসাব খতিয়ে দেখার ঘোষণা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের হিসাব খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। আগামী ৬ মে থেকে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে তারা। তবে এ প্রক্রিয়ায় বিরোধী প্রার্থী হেনরি ক্যাপ্রিলেসের কোনো দাবি বিবেচনা করা হবে না।
রোববার ভেনেজুয়েলার নির্বাচনী পরিষদের (সিএনই) বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
সব ভোট পুনর্গণনার দাবি করেছিলেন ক্যাপ্রিলেস। তিনি ১৪ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী নিকোলাস মাদুরোর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
ভোটের হিসাব খতিয়ে দেখার এ ঘোষণাকে ‘ভুয়া’ বলে উল্লেখ করে ক্যাপ্রিলেস বলেছেন, সিএনই সরকারের আদেশ অনুসরণ করছেন।
অপরদিকে ক্যাপ্রিলেসের দাবিকে ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছেন সিএনই’র প্রেসিডেন্ট তিবিসে লুসিনা।
