লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও করেছে বন্দুকধারীরা
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি-আমলের কর্মকর্তাদেরকে নতুন প্রশাসনের উর্ধ্বতন পদগুলোতে নিষিদ্ধকরণ আইনের দাবিতে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও করেছে সশস্ত্র বন্দুকধারীরা।
বিমান বিধ্বংসী কামান তাক করা অন্তত ২০ টি পিক-আপ ট্রাক দিয়ে মন্ত্রণালয়ের রাস্তা বন্ধ করে দেয় তারা। পাশাপাশি একে-৪৭ রাইফেল এবং স্নাইপার রাইফেলধারীরা ভবনের আশেপাশে যান চলাচলে বাধা সৃষ্টি করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
লিবিয়ায় গাদ্দাফিকে উৎখাতের লড়াইয়ের সময় গড়ে ওঠা রক্ষীবাহিনীগুলোকে সম্প্রতি দেশটির নতুন সরকার তাদের ঘাঁটিগুলো থেকে উচ্ছেদ করার অভিযান শুরু করায় সরকার ও সশস্ত্র রক্ষীসেনাদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
গাদ্দাফি আমলের কর্মকর্তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়টিতে আইনের পরিভাষা নিয়ে লিবিয়ার কর্মকর্তারা একমত হতে পারছেন না।
কিন্তু রোববার ওই আইনের দাবিতে জড়ো হয়ে সশস্ত্র লোকজন মন্ত্রণালয়ের কর্মীদেরকে ভবনে প্রবেশ করতে বাধা দেয়।এছাড়া, সশস্ত্র গ্রুপগুলো এর আগেও কয়েকবার কংগ্রেসে ঝটিকা অভিযান চালিয়েছে।
মার্চে আইনটি প্রণয়নের দাবিতে বিক্ষোভকারীরা জেনারেল ন্যাশনাল কংগ্রেসের ভবনের ভেতরে কয়েকঘন্টা ধরে সদস্যদের আটকে রাখে।
রোববার মন্ত্রণালয় ঘেরাও করা সশস্ত্র বিক্ষোভকারীদের নেতা পরিচয়ে এক ব্যক্তি রয়টার্সকে বলেছেন, গাদ্দাফি আমলের কর্মকর্তাদের রাজনীতিতে নিষিদ্ধকরণ আইন পাস না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় বন্ধ থাকবে।
