সাভারের ভবনধসের ঘটনায় পোপের প্রার্থনা আহ্বান
সাভারে মর্মান্তিক ভবন ধসের ঘটনায় হতাহতদের জন্য সবাইকে প্রার্থনায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
রোববার সকালে টুইটারে পাঠানো বার্তায় পোপ এ আহ্বান জানান।
ভবনধসে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রার্থনা করে তিনি বলেন, সৃষ্টিকর্তা তাদের সহায়তা করুন, পরিস্থিতি মোকাবেলায় শক্তি দান করুন তাদের পরিবার-পরিজনকে।
পোপ তার সঙ্গে সবাইকে এ প্রার্থনায় সামিল হওয়ার আহ্বান জানান।ভ্যাটিকান বেতার এ খবর দিয়েছে।
বুধবার ভয়াবহ ওই ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আড়াই সহস্রাধিক মানুষকে।উদ্ধারকাজ এখনো চলছে।নিখোঁজ রয়েছে আরো অন্তত ৯শ’ মানুষ।
সাভারের রানা প্লাজা ধসের পর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর ফলাও করে প্রচার করে আসছে। রানা প্লাজার মালিক সোহেল রানার গ্রেফতারের খবরটিও ফলাও করে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
বিবিসির প্রচ্ছদ পাতার শীর্ষ সংবাদ হিসেবে স্থান পেয়েছে খবরটি। যুক্তরাষ্ট্রের সিএনএন এবং ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমও খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করেছে।
