সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে মালিকির হুঁশিয়ারি
আরব দেশগুলো সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ার হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি।
গত কয়েকদিনে ইরাকে সম্প্রদায়িক দাঙ্গায় প্রায় দু’শ’ বেসামরিক মানুষ ও সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরাকে আবার সহিংসতা ফিরে এসেছে। এ অঞ্চলের আরেক জায়গায় তা শুরু হওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এর মধ্য দিয়ে তিনি স্পষ্টত সিরিয়ার কথাই বুঝিয়েছেন।ইরাককে সিরিয়ার মতো দুরবস্থায় ফেলার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমগুলোর খবরানুযায়ী, গত মঙ্গলবার থেকে ইরাকে সহিংসতায় এ পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছে। শনিবারওরামাদি শহরে ৮ জন নিহত হয়। এর মধ্যে পাঁচজন উগ্রবাদী আল-কায়েদার সদস্য রয়েছে।তাছাড়া, গত কয়েকদিনের সহিংসতায় কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাও নিহতের তালিকায় আছেন।
ইরাকে শুরু হওয়া এ সহিংসতাকে শয়তানি কর্মকাণ্ড উল্লেখ করে মালিকি বলেন, এটি শুধুমাত্র ইরাকের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না বরং এ ধরনের তৎপরতা অন্য ভূখণ্ডেও ছড়িয়ে পড়বে।
ইরাকে সাম্প্রতিক সহিংসতার পেছনে অন্যের অর্থ ও চক্রান্ত রয়েছে বলে টেলিভিশন ভাষণে অভিযোগ করেছেন নূরি আল-মালিকি। তবে, তিনি কারো নাম নেননি।
