‘রাসায়নিক অস্ত্রের ব্যবহারের প্রমাণ জাতিসংঘ মানের নয়’
সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহারের প্রমাণ হিসেবে পশ্চিমা ও ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ করা গোলাবর্ষণের ছবি ও বিষক্রিয়ার ছবি জাতিসংঘ নির্ধারিত ‘মান’র নয় বলে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ) জানিয়েছে।
রাসায়নিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত তদন্তে সংস্থাটি জাতিসংঘের সঙ্গে কাজ করে।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত অভিযোগের মাঠ পর্যায়ের তদন্তের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল অপেক্ষায় আছে। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর প্রকাশিত প্রমাণপত্র তাদের তদন্তের জন্যও যথেষ্ট নয় বলে জানিয়েছে সংস্থাটি।
সিরিয়ার দুই বছরের গৃহযুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা তা নিশ্চিত করতে অস্ত্র বিশেষজ্ঞদের অবশ্যই ঘটনাস্থলে যেতে হবে। সেখানকার মাটি, রক্ত, মূত্র বা টিস্যুর নমুনা নিয়ে অনুমোদিত গবেষণাগারে পরীক্ষার পরই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
নিষিদ্ধ ঘোষিত রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হলে প্রমাণের জন্য এসব নমুনার প্রমাণ অবশ্যই দেখাতে হবে। কিন্তু যেসব সরকার ও গোয়েন্দা সংস্থা সিরিয়ার সরকারকে বিদ্রোহীদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করছে তারা তা উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে সংস্থাটি।
