২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের আহ্বান প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার

কায়েসং যৌথ শিল্প কারখানা আবার চালুর জন্য দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 08:10 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এক বিবৃতিতে শুক্রবার পিয়ংইয়ং হুঁশিয়ার করে বলেছে, দক্ষিণ কোরিয়ার আল্টিমেটাম কোনো ভাল ফলাফল বয়ে আনবে না।

এরআগে বৃহস্পতিবার পিয়ংইয়ং কে ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তাতে রাজি না হলে তাদের বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেয়া হবে বলে সতর্ক করে সিউল।

দুই কোরিয়া পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হায়ুং-সুক উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বিবিসি।

এ মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের সীমান্তবর্তী ওই শিল্প এলাকার দরজা দক্ষিণ কোরিয়ার জন্য বন্ধ করে দেয়ার পাশাপাশি নিজেদের ৫৩ হাজার শ্রমিককে সেখান থেকে সরিয়ে নেয়।

ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া আলোচনায় বসার আহ্বান প্রত্যাখ্যান করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন।

গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর প্রতিবেশী দু'দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

এরআগে দুই কোরিয়া পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হায়ুং-সুক বলেছন, "কায়েসং শিল্প এলাকায় কর্মরত শ্রমিকদের ক্ষতির কথা চিন্তা করে দুই কোরিয়ার মধ্যে সরাসরি আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। তাছাড়া, কায়েসং শিল্প এলাকাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়াও আলোচনার লক্ষ্য।"

তিনি উত্তর কোরিয়াকে শুক্রবার সকালের মধ্যেই আলোচনার এ প্রস্তাবে সাড়া দেয়ার দাবি জানিয়েছিলেন।

“পিয়ংইয়ংকে শুক্রবারের মধ্যেই আলোচনার ব্যাপারে সাড়া দিতে হবে। আর তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে কঠোর ব্যবস্থার মুখে পড়তে হবে”, বলেন হায়ুং-সুক।

তবে উত্তর কোরিয়া আলোচনা প্রস্তাব না মানলে কি কঠোর পদক্ষেপ নেয়া হবে সে ব্যাপারে কিছু বলেননি হায়ুং-সুক।

তবে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, ওই শিল্প কারখানায় কর্মরত ১৭৬ জন দক্ষিণ কোরীয় কর্মী প্রত্যাহার করে নিতে পারে সিউল। কারখানাটি সীমান্তের অদূরে উত্তর কোরিয়ার অংশে অবস্থিত।

ফেব্রুয়ারিতে পরমাণু পরীক্ষার জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করলে তীব্র ক্ষোভ প্রকাশ করে পিয়ংইয়ং। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কারণেও ক্ষেপে আছে উত্তর কোরিয়া।

দেশটি সাম্প্রতিক সময়ে একাধিকবার দক্ষিণ কোরিয়ায় হামলার হুমকি দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডসহ প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানোর হুমকি দিয়েছে।