স্পেনে বেকারের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে
স্পেনে এ বছরের প্রথমভাগেই বেকারের সংখ্যা ৬০ লাখ ছড়িয়ে গেছে।বেকারত্বের হার ২৭ দশমিক ২ শতাংশে পৌঁছে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১৯৭০ এর দশকের পর দেশটিতে বেকারত্বের হার এটিই সর্বোচ্চ।বেকারের সংখ্যার নতুন পরিসংখ্যানে স্পষ্ট হয়ে উঠেছে অর্থনৈতিক সঙ্কট জর্জরিত স্পেনের দুর্গতির চিত্র।যে সঙ্কট শুরু হয়েছে ৫ বছর আগে।
“যতটুকু ধারণা করা হয়েছিল বেকারত্বের পরিসংখ্যান তার চেয়েও ভয়াবহ এবং এতে করে স্পেনের অর্থনীতির মারাত্মক পরিস্থিতিই পরিস্ফুট হয়েছে” বলে মন্তব্য করেছেন মাদ্রিদের এক অর্থনীতি বিশ্লেষক।
স্পেনে ১৯৭৬ সালের পর বেকারের সংখ্যা এখনই সবচেয়ে বেশি (৬২ লাখ)।
দেশটিতে বেকারত্বের এ নতুন রেকর্ড ইউরোপে ঋণ সঙ্কট কাটানোর পন্থা হিসাবে অর্থনৈতিক নীতিমালায় প্রাধান্য পাওয়া কৃচ্ছ্র পদক্ষেপ শিথিল করার বিষয়টি নিয়ে বিতর্ক উস্কে দেবে বলেই মনে করা হচ্ছে।
মাদ্রিদে কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যেই বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা হচ্ছে।
শুক্রবার ইউরোজোনের চতুর্থ-বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে মন্দা রোধের লক্ষ্যে বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ ও নীতিমালা পেশ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের।
