২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভূমিকম্প, বন্যায় নিহত ৩৩

আফগানিস্তানে বুধবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।এতে কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Apr 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

দুপুর ২ টার দিকে অনুভূত এ ভূমিকম্পে লেঘমান প্রদেশ সংলগ্ন নানগরহারে এবং কুনার প্রদেশে অন্তত ১৮ জন নিহত হয়েছে।একইসঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টির কারণে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে আকস্মিক বন্যায় মারা গেছে ১৫ জন। আফগান রেডক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র ভূমিকম্পে কেবলমাত্র নানগরহারেই ৭০ জন আহত হওয়ার খবর জানিয়েছেন।মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূ তাত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পূর্বাঞ্চলীয় লেঘমান প্রদেশের রাজধানী মেহতার লাম থেকে ৭ মাইল দূরে ভূগর্ভের ৬৫ মাইল গভীরে। ভূমিকম্পে কুনার এবং নানগরহার জুড়ে শত শত বাড়ি ধসে পড়েছে। বুধবার আফগানিস্তানজুড়ে বিভিন্ন জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টির কারণে কাদামাটির তৈরি অসংখ্য ঘরবাড়ি নাজুক অবস্থায় থাকায় সেগুলো সহজেই ধসে পড়ে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপপ্রধান কর্মকর্তা। মৃতের সঠিক সংখ্যা কতা তা জানাতে পারেননি তিনি। ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে ভারতের নয়াদিল্লির বিভিন্ন ভবন।কাশ্মীরের উত্তরাঞ্চলেও ভূকম্পন টের পেয়ে রাস্তায় বেরিয়ে আসে মানুষ।পাকিস্তানের ইসলামাবাদেও অনুভূত হয় ভূকম্পন। এর আগে গত সপ্তাহেই ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে চীনে নিহত হয়েছে প্রায় ২শ মানুষ।তার কিছুদিন আগে পাকিস্তানের ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত হয় অন্তত ৩৫ জন।