ত্রিপোলির ফরাসি দূতাবাসে গাড়িবোমা হামলা
লিবিয়ার ফরাসি দূতাবাসে বোমা হামলা চালানো হয়েছে। এটি একটি গাড়িবোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। হামলায় দূতাবাসের দুজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন।
মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির ফরাসি দূতাবাসের কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
দূতাবাসের এক কর্মকর্তা বলেন, “দূতাবাসে হামলা চালানো হয়েছে। আমাদের ধারণা গাড়ির মধ্যে স্থাপন করা বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।”
“এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন।”
আহত রক্ষীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ত্রিপোলির গারগারেস এলাকায় দূতাবাসটিতে সকাল ৭টার দিকে এ হামলা চালানো হয়। এতে দূতাবাসের সামনে দাড়ানো দুটি গাড়ি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
২০১১ সালে সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার রাজধানীতে এ ধরনের প্রথম হামলা এটি।
কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ করে লিবিয়ায় প্রায়ই হামলা চালানো হয়। গত বছর সেপ্টেম্বরে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে চালানো এক হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিক নিহত হন।
