২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় আল কায়েদার হামলা পরিকল্পনা, গ্রেপ্তার ২

কানাডার টরেন্টো শহরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত করার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে কানাডা পুলিশ। ইরানভিত্তিক আল কায়েদা পরিকল্পনাটিতে সমর্থন যুগিয়েছিল বলে দাবি করা হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Apr 2013, 05:57 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার ৩০ বছর বয়সী চিহেব এসেগহাইয়েরকে মন্ট্রিয়েল থেকে ও অপরজন ৩৫ বছর বয়সী রায়েদ জাসেরকে টরেন্টো থেকে গ্রেপ্তার করা হয়।

কানাডীয় পুলিশ কর্মকর্তা জেমস মালিজিয়া বলেন, “তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে, নিরপরাধ মানুষজন মারা যেত বা গুরুতর আহত হত।”

তবে এই ঘটনার সঙ্গে বস্টন ম্যারাথন বোমা হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকৃতরা কানাডার নাগরিক নয় এবং পুলিশও তাদের জাতীয়তা প্রকাশ করেনি। তবে তদন্ত অনুসরণকারী দুটি সূত্র গ্রেপ্তাকৃতদের মধ্যে একজন তিউনিসিয়ার নাগরিক বলে জানিয়েছে।

পরিকল্পনার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মুসলিম কম্যুনিটির পক্ষ থেকে তাদের বছরব্যাপী তদন্তে সহায়তা করা হয়েছে বলে জানান তারা।

এসেগহাইয়ের ২০১০ সাল থেকে মন্ট্রিয়েলের জাতীয় বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের ডক্টরাল পর্যায়ের ছাত্র এবং ডিগ্রি অর্জনের মাঝ পর্যায়ে ছিলেন বলে তার শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা জুলি মার্তিন বলেন, “শক্তি ও বস্তু বিষয়ক বিজ্ঞানে তিনি পিএইচডি গবেষণারত ছিলেন।”

মঙ্গলবার সকালে টরেন্টোর এক আদালতে দুজনের জামিনের শুনানির কথা রয়েছে।

এই পরিকল্পনার পেছনে আল কায়েদার সমর্থন আছে দাবী করা হলেও এর পেছনে কোনো রাষ্ট্রের জড়িত থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন মালিজিয়া।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার টরেন্টোর মধ্যে চলাচলকারী একটি ট্রেন লাইন লক্ষ করে হামলাটি চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে দাবী করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।