২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-যুক্তরাষ্ট্র বড় ধরনের অস্ত্রচুক্তি

ইসরায়েলকে বিভিন্ন পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, জঙ্গিবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র।দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জেরুজালেম সফরকালে একথা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 01:46 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

ইসরায়েল, ইউএই এবং সৌদি আরবের সঙ্গে ১ হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তির অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এ চুক্তি করেছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে হেগেল বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অত্যাধুনিক সামরিক হাতিয়ার দেবে।এগুলোর মধ্যে রয়েছে, শত্রুর প্রতিরক্ষা বিমান ধ্বংসে সক্ষম এন্টি-রেডিয়েশন মিসাইল, জঙ্গি বিমান বহরের জন্য অত্যাধুনিক রাডার, কেসি১৩৫ জ্বালানি বিমান এবং অসপ্রে পরিবহন বিমান।

এর মধ্য দিয়ে ইসরায়েল তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক বাহিনীর গুনগত মান বজায় রাখাতে পারবে বলে জানান হেগেল।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ অস্ত্রচুক্তি করল।

ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ক্ষেত্রে কেসি১৩৫ বিমান কাজে লাগাতে পারবে ইসরায়েল।তাছাড়া, যুক্তরাষ্ট্রের বাইরে কোনো দেশ বলতে এবার ইসরায়েলই প্রথম অসপ্রে (V22) বিমান পাচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত থাকার কথা বরাবরই বলে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরি করতে পারে বলে তাদের আশঙ্কা।যদিও ইরান তাদের এ অভিপ্রায় নেই বলে দাবি করে আসছে।