দামেস্ক অভিযানে ৫শ’ মানুষ নিহতের আশঙ্কা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত রক্ষীবাহিনী এবং সেনাবাহিনীর প্রায় সপ্তাহব্যাপী হামলায় রাজধানী দামেস্কে অন্তত ১০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরো ৪শ’ মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকার বিরোধী আন্দোলনকারীরা।
পাঁচদিন টানা লড়াইয়ের পর দামেস্কের জেদেইদেত আল ফাদেল এলাকায় এই অভিযান চালায় সরকারী বাহিনী।নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।
নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া গেলে সিরিয়ায় দু’বছরের গৃহযুদ্ধে সুন্নি মুসলিম অধুষ্যিত ওই এলাকাটিতে এটি হবে অন্যতম আরেক রক্তক্ষয়ী সহিংসতা।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিহতের সংখ্যা জানায়নি।তবে সেনাবাহিনী জেদেইদেত আল ফাদেলে লড়ছে বলে নিশ্চিত করেছে।
রোববার আন্দোলনকর্মীরা জানায়, আসাদ অনুগত বাহিনীর অভিযানে এলাকাটিতে অন্তত ৮৫ জন নিহত হয়েছে এবং এ সংখ্যা ২৫০ জনে পৌঁছতে পারে।
কিন্তু সেনাবাহিনী এলাকাটি থেকে চলে যেতে শুরু করার পর আরো নিহত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে এবং মৃতের সর্বশেষ সংখ্যা অনেক বেশি হতে পারে বলেই আশঙ্কা করছে আন্দোলনকর্মীরা।
দামেস্কর ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ঘটনাস্থল থেকে আন্দোলনকর্মীরা বলেছে, ৫ দিনব্যাপী হামলার প্রথম দিকে এলাকার অধিবাসীরা কিছু নিহত মানুষকে কবর দিয়েছে।আর এখন বিভিন্ন বাড়িতে, রাস্তাঘাটে আরো মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে।
তারা আরো জানায়, বিদ্রোহীদের ৩শ’ যোদ্ধার ব্রিগেড সেনা অভিযানের দুইদিন আগেই এলাকা ছেড়ে চলে যায়। এতে করে এলাকার পুরো নিয়ন্ত্রণ চলে যায় আসাদ বাহিনীর হাতে।
এ হত্যাযজ্ঞকে “নির্মম হত্যাকাণ্ড” বলে বর্ণনা করেছে আন্দোলনকারীরা। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে তারা।
ওদিকে, সিরিয়ার রাষ্ট্রিয় বার্তা সংস্থা সানার ভাষ্য, “জেদেইদেত আল ফিদেল এলাকায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অনেক সদস্য নিহত ও আহত হয়েছে এবং অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।”
জেইদেত আল ফিদেল এলাকাটিতে মূলত শ্রমজীবীরা বসবাস করে। আসাদ বিরোধী আন্দোলনের শুরু থেকেই এলাকাটি বিরোধীদের ঘাঁটিতে পরিণত হয়। এলাকাটির পাশেই আসাদ অনুগত অভিজাত বাহিনীর একটি ঘাঁটি আছে।
