চীনে ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ও নিখোঁজের সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো প্রায় ১২ হাজার মানুষ। এদের মধ্যে প্রায় এক হাজার জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভূমিকম্পে হতাহতের এ সংখ্যা জানানো হয়েছে।
চীনের নাগরিক বিষয়ক মন্ত্রণালয় ১শ’ ৮৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং অপর ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে। আহত মানুষের সংখ্যা ১১ হাজার ৮শ’র বেশি বলেও জানায় মন্ত্রণালয়।
চীনের স্থানীয় সময় শনিবার সকাল ৮টা দুই মিনিটে সিচুয়ানের ইয়ান শহরের নিকটবর্তী লুসান এলাকায় এই ভূমিকম্প হয়। নিহতের সংখ্যা লুসানেই সবচেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, প্রাদেশিক রাজধানী চেংদুর ১১৫ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে দূর্গত এলাকার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রেন চলাচল, পানি সরবরাহ ও টেলিফোন সংযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং আরো মানুষের মৃত্যু এড়াতে সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধার তৎপরতা চালানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী লি হেলিকপ্টার যোগে দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য চীনা জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
এক বিবৃতিতে ভূমিকম্প দূর্গতদের জন্য প্রয়োজনীয় যে কোনো আন্তর্জাতিক সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছেন মুন।
উদ্ধার কাজ চালানোর জন্য আঠারো হাজার সেনা দুর্গত এলাকায় গেছে বলে সিনহুয়া জানিয়েছে।
