২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টন: জেরার মুখে জোখার, এফবিআইয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বস্টনে ম্যারাথন দৌড়ে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক জোখার সারনায়েভকে জেরা করবে যুক্তরাষ্ট্রের শীর্ষ তদন্তকারী দল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আহত জোখার সারনায়েভ(১৯)কে বস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল হলেও কথা বলতে সক্ষম নন বলে জানিয়েছেন ম্যাসাচুসেটস এর গভর্নর ডেভাল প্যাট্রিক।

তার অবস্থা আরেকটু ভাল হলে ওই হামলা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে খবরে।

হামলার ঘটনার আর কেউ জড়িত ছিল কিনা তদন্তকারীরা তা জানার চেষ্টা করছেন।এ ব্যাপারে জানতেই জোখারকে জেরা করা হবে।তার বিরুদ্ধে গঠন করা হবে অভিযোগও।

জোখারকে শুক্রবার বেথ ইসরায়েল ডিকোনেস হাসপাতালে নেয়া হয়। সেদিন সকালে ওই হাসপাতালেই পুলিশের গুলিতে আহত জোখারের বড় ভাই তামেরলানকে ভর্তি করা হয়েছিল, তবে তিনি কয়েক ঘণ্টা পরে মারা যান।

তামেরলান ২০১২ সালের জানুয়ারিতে ছয় মাসের জন্য মস্কো গিয়েছিলেন বলে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থা।কিন্তু সেখানে গিয়ে তিনি কি করেছিলেন, ককেশাস অঞ্চলে জঙ্গি ইসলামিক দলগুলোর সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা তা পরিষ্কার নয়।

২০১১ সালে তামেরলানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে এফবিআই জানানোর পর সংস্থাটির ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

রাশিয়া তমেরলান সারনায়েভকে একজন মৌলবাদী মুসলমান হিসেবে সন্দেহ প্রকাশ করার পর এফবিআই তাকে জেরা করে।

এফবিআই বলছে, সে সময় তারা তামের্লনের কোনো ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ হদিস পায়নি। এ কারণে পরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

কিন্তু তামেরলানের রাশিয়ায় বসবাসকারী মা রুশ টেলিভিশনকে বলেছেন, বছরের পর বছর এফবিআই এর নজরদারিতে ছিলেন তামেরলান।

ফলে এফবিআই আরও সক্রিয় হলে বোমা হামলা ঠেকানো যেত কি না, সেটি এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।