২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছে এমন আভাস পাওয়ার কথা রোববার জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে আরো দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক নিয়ে গেছে বলে জানিয়েছে দক্ষিণের ইয়োনহাপ বার্তা সংস্থা।

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ার মধ্যেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করে আসছে দক্ষিণ কোরিয়া ও তার মিত্র দেশগুলো।

দক্ষিণ কোরিয়ার এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উপগ্রহের তোলা ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়া বাহিনী স্বল্পপাল্লার স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য দক্ষিণ হামগিওং প্রদেশে দুটি ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক নিয়ে গেছে।

সূত্র জানায়, “সামরিক বাহিনী গভীরভাবে উত্তরের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সর্বশেষ প্রস্তুতির ওপর নজর রাখছে।”

এর আগে এপ্রিলের শুরুতে উত্তর কোরিয়া দক্ষিণ হামগিওং প্রদেশে মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়াসহ সাতটি বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বসায়।

উত্তর কোরিয়া সেনবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী দিবস ২৫ এপ্রিলে তাদের শক্তির প্রদর্শন করতে পারে।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করতে পারেনি। উত্তর কোরিয়ায় অস্বাভাবিক কর্মকাণ্ডের কোনো নমুনা নেই বলে জানান তিনি।

উত্তর কোরিয়া নিজ সমুদ্র সীমার পূর্ব উপকূলে নিয়মিতই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে।

গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দাবি, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি উন্নয়নের জন্য এ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত ফেব্রুয়ারিতে চুক্তি ভেঙ্গে তৃতীয়বারের মতো পরমাণু বোমা পরীক্ষা চালায় দেশটি। এরপর থেকে উত্তেজনা বাড়তে থাকে। জাতিসংঘ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ার ওপর।

সঙ্কট কাটাতে উত্তর কোরিয়া নিজে থেকে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও দুটি শর্ত বেঁধে দেয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে। কিন্তু তারা উত্তর কোরিয়ার উত্তর শর্ত মেনে নিতে অপারগ বলে জানিয়েছে।