২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ফুঁসে উঠছে দিল্লি

পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর ৪০ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ এবং পুলিশের ভূমিকায় আবার ক্ষোভে ফুঁসে উঠছে দিল্লি। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Apr 2013, 04:33 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

এ ঘটনায় ভারতীয় পুলিশ সন্দেহভাজন এক যুবককে বিহার থেকে গ্রেপ্তার করেছে, যে ওই মেয়েটির প্রতিবেশী। রোববার তাকে আদতালতে হাজির করার কথা রয়েছে।

চিকিৎসকরা বলছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে  চিকিৎসাধীন মেয়েটির সংজ্ঞা ফিরেছে। তবে তার ওপর অমানুষিক নির্যতন চালানো হয়েছে।

গত ১৫ এপ্রিল দিল্লির গান্ধী নগরে শিশুটিকে অপহরণের পর দুদিন আটকে রেখে নির্যাতন চালায় ধর্ষণকারী। বুধবার সন্ধ্যায় ওই বাড়ির নিচতলায়  থেকে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে।    

দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের ঘটনার চার মাস পর শিশু নির্যতনের এ ঘটনায় শুক্রবার থেকে আবারো ক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিল্লি। শুক্রবার বিক্ষোভকারী এক তরুণীকে এক পুলিশ কর্মকর্তার চড় মারা ভিডিও প্রকাশ হওয়ার পর শনিবার বিক্ষোভ নতুন মাত্রা পায়।     

বিক্ষোভকারীদের অভিযোগ, অপহৃত হওয়ার পর পুলিশ মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টাই করেনি, বরং প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করা পর পুলিশ ঘুষ দিয়ে পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করেছে।

শনিবার বিক্ষোভকারীরা দিল্লি পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে সেখান থেকে তাদের সরিয়ে দেয়া হয়। এরপর তারা ইন্ডিয়া গেইটে জড় হতে চাইলে সেখানেও পুলিশ বাধা দেয়। এরপর ইন্ডিয়া গেইট চত্বরে জারি করা হয় ১৪৪ ধারা। 

পরে দিল্লির জনপথের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে বিক্ষোভকারীরা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের বাড়ির সামনেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাক বিতণ্ডা হয়।

বিক্ষোভকারীকে চড় মারার ঘটনায় দিল্লি পুলিশের সহকারী কমিশনার বাণী সিং আহলতকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের দাবিতে নতুন করে কর্মসুচি দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশ কমিশনার নিরোজ কুমারের পদত্যাগও দাবি করছে তারা।    

মেয়েটির মা-বাবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দিল্লির গান্ধীনগর থানার দুই পুলিশ কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। 

সংবাদ মাধ্যমে শিশু ধর্ষণের এ খবর দেখে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক টুইটে বলেন, “পাঁচ বছরের একটি শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় আমি দুঃখিত, মর্মাহত।”

গত বছর দিল্লির চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়েটি। ওই ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয় এবং নারীদের নিরাপত্তা ও পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়গুলো নতুন করে আলোচনা শুরু হয়। তার রেশ না কাটতেই এই শিশু ধর্ষণের ঘটনা নতুন করে বিক্ষোভের জন্ম দিল।