২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফ রিমান্ডে

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে দুই সপ্তাহের জন্য জুডিশিয়াল রিমান্ডে পাঠিয়েছে ইসলামাবাদের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

তার বিরুদ্ধে ২০০৭ সালে অবৈধভাবে বিচারপতিদের গৃহবন্দী করে রাখার অভিযোগ আনা হয়েছে।

শনিবার মুশাররফকে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়। আগামী ৪ মে তাকে আবার আদালতে হাজির করার নির্দেশ দিয়ে সে পর্যন্ত জুডিশিয়াল রিমান্ডে রাখার আদেশ দেন বিচারক।

পারভেজ মুশাররফের দল অল পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র মুহাম্মদ আমজাদ বলেন, “আদালত জেনারেল পারভেজ মুশাররফকে দুই সপ্তাহের জন্য জুডিশিয়াল রিমান্ডে পাঠিয়েছে।”

এরপর আদালত থেকে মুশাররফকে প্রথমে ইসলামাবাদে পুলিশ সদরদপ্তরে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ইসলামাবাদের শহরতলীতে তার খামার বাড়িতে নেয়া হয়। ওই বাড়িকে সাব জেল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার ওই খামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ সদর দপ্তরের একটি অতিথিশালায় তাকে হেফাজতে রাখা হয়।

মুশাররফের বিরুদ্ধে ২০০৭ সালে বিচার বিভাগীয় এক প্রতিবাদের সময় অবৈধভাবে বিচারপতিদের আটক করার অভিযোগ রয়েছে। ওই সময় তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মুশাররফ। ২০০৮ সালে তিনি ক্ষমতা ছাড়েন। স্বেচ্ছা নির্বাসন থেকে সম্প্রতি দেশে ফেরেন তিনি।