সন্ত্রাস বিরোধী আদালতে মুশাররফ
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে শনিবার ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয়েছে।
ক্ষমতায় থাকাকালে অবৈধভাবে বিচারকদের আটক করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, জানিয়েছেন তার আইনজীবী।
পাকিস্তানি টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী ইসলামাবাদের একটি আদালতে প্রবেশ করছেন মুশাররফ ।
শুক্রবার ইসলামাবাদ শহরতলীর খামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ সদর দপ্তরের একটি অতিথিশালায় তাকে হেফাজতে রাখা হয়েছে।
মুশাররফ পক্ষের অন্যতম আইনজীবী কামার আফজাল বলেন, “আজ তাঁকে একটি সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হচেছ।”
পরবর্তী হাজিরার আগে মুশাররফ কে পুলিশ হেফাজতে রাখা হবে নাকি কারাগারে প্রেরণ করা হবে এ বিষয়ে আদালতের রুল দেবার কথা রয়েছে বলে জানান আফজাল।
মুশাররফ এর বিরুদ্ধে ২০০৭ সালে বিচার বিভাগীয় এক প্রতিবাদের সময় অবৈধভাবে বিচারপতিদের আটক করার অভিযোগ রয়েছে। ওই সময় তিনি পাকিস্তানের সেনাসমর্থিত প্রেসিডেন্ট ছিলেন।
মুশাররফ ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং ২০০৮ সালে ক্ষমতা ছাড়েন।
