ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রয়াত নেতা উগো চ্যাবেস মনোনীত উত্তরাধিকারী নিকোলা মাদুরো। চ্যাবেজের মৃত্যুর পর থেকে তিনি দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার মাদুরোর শপথ গ্রহণের সময় প্রতিবেশী ব্রাজিলসহ অধিকাংশ মিত্র দেশগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
সমাজতান্ত্রিক নেতা চ্যাবেসে ফ্রেমে বাঁধানো একটি বিশাল ছবি পাশে নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো।
“আমি শপথ করছি, আমাদের জাতির পিতাদের দেখানো পথ ধরে, আমাদের সর্বোচ্চ কমান্ডারের স্মৃতিকে স্মারক করে, আমি এই সংবিধানকে উর্ধে তুলে রাখাবো,” বলেন মাদুরো।
প্রেসিডেন্ট হিসেবে মাদুরো শপথ গ্রহণের দিনটি ভেনেজুয়েলার স্বাধীনতা ঘোষণার দিনের সঙ্গে এক হয়ে গিয়েছিল। এই রকম এক তাৎপর্যপূর্ণ দিনে প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেন মাদুরো।
ভাষণে তিনি প্রয়াত প্রেসিডেন্ট চ্যাবেসের প্রতি শ্রদ্ধা প্রদর্শণ করে বলেন, “প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার সময় তার কথা ভাবি, তার কথা ভাবতে ভাবতেই আমি ঘুমাতে যাই, কারণ তার নির্দেশনা আমাদের প্রয়োজন।”
“আমি তাদের ডাকতে চাই যারা যে কোনো কারনেই হোক পিতৃভূমির প্রার্থীকে ভোট দেননি, আপনাদের প্রতি জলাপাইয়ের শাখা এগিয়ে দিচ্ছি আমি, আপনাদের সঙ্গে নিয়েই কাজ করবো আমি,” বলেন তিনি।
ভাষণ দেওয়ার সময় মাদুরোকে কিছুটা বিব্রত করে লাল জ্যাকেট পরা এক লোক ছুটে ডায়াসে এসে মাদুরোকে বলতে থাকেন, “নিকোলা, আমার নাম আন্দ্রে, দয়া করে আমাকে সহায়তা করো।”
এ সময় মাদুরোর দেহরক্ষীরা লোকটিকে সরিয়ে নেয়।
ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করে তাদের ব্যর্থতার সমালোচনা করেন মাদুরো।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বনেতাদের মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এবং উরুগুয়ে ও নিকারাগুয়ার প্রেসিডেন্টদ্বয় উপস্থিত ছিলেন।
ভেনেজুয়েলার বিশাল তেল শিল্পের বিনিয়োগের সঙ্গে জড়িত রাশিয়া ও চীনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এক সময়ের শ্রমিক নেতা বাস ড্রাইভার মাদুরো চ্যাবেস মন্ত্রীসভার পররাষ্ট্রমন্ত্রী ও পরে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।
ক্যান্সারে চতুর্থবারের মতো নির্বাচিত জনপ্রিয় প্রেসিডেন্ট চ্যাবেসের মৃত্যু হলে ভেনেজুয়েলায় আবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজন হয়। গত রোববার অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হেনরি ক্যাপ্রিলেসকে অল্প ভোটের ব্যবধানে পরাজিত করেন মাদুরো।
কিন্তু ফলাফল মেনে নিতে অস্বীকার করে নির্বাচনে কারচুপির অভিযোগ করেন ক্যাপ্রিলেস। ভোট পুনর্গণনার দাবী জানান তিনি। এ নিয়ে নির্বাচনোত্তর সংঘর্ষে আট জন নিহত হয়।
মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে অস্বীকার করে যুক্তরাষ্ট্র। এই পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলার নির্বাচনী কর্তৃপক্ষ প্রদত্ত ইলেকট্রনিক ভোট শতভাগ নিরীক্ষা করার ঘোষণা দেয়। এর আগে ৫৪ শতাংশ ইলেকট্রনিক ভোট নিরীক্ষার আওতায় আনা হয়েছিল।
