২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত অথবা নিখোঁজের সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ১১,৫০০ মানুষ।এর মধ্যে ৯৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 03:59 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

রোববার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভূমিকম্পে হতাহতের এ সংখ্যা জানানো হয়েছে।চীনের নাগরিক বিষয়ক মন্ত্রণালয় নিহতের সংখ্যা ১৮৪ এবং নিখোঁজের সংখ্যা ২৪ উল্লেখ করেছে।আহত মানুষের সংখ্যা ১১ হাজার ৮শ’রও বেশি বলেও জানায় মন্ত্রণালয়।

চীনের স্থানীয় সময় শনিবার সকাল ৮টা দুই মিনিটে সিচুয়ানের ইয়ান শহরের নিকটবর্তী লুসান এলাকায় এই ভূমিকম্প হয়।নিহতের সংখ্যা লুসানেই সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, প্রাদেশিক রাজধানী চেংদুর ১১৫ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে দূর্গত এলাকার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রেন চলাচল, পানি সরবরাহ ও টেলিফোন সংযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং আরো মানুষের মৃত্যু এড়াতে সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধার তৎপরতা চালানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী লি হেলিকপ্টার যোগে দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

উদ্ধার কাজ চালানোর জন্য ছয় হাজার সেনা দুর্গত এলাকায় গেছে বলে সিনহুয়া জানিয়েছে।সিচুয়ান প্রদেশের প্রত্যন্ত কিছু অঞ্চলেও উদ্ধারকারী দল পৌঁছেছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।

নিহতদের বেশিরভাগই লুসান এলাকার, ইয়ান থেকে দূরত্ব অল্প হলেও প্রত্যন্ত পাহাড়ি এই এলাকার সরু রাস্তাগুলো ভূমিধসে বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে পড়েছে।

সেখানে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড়, হাসপাতালের বাইরে তাঁবু টাঙিয়ে অনেককে চিকিৎসা দিতে দেখা গেছে।

বাওসিং কাউন্টিতে রাস্তাঘাট ধ্বংস হয়ে অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকারীদেরকে পায়ে হেটে পথ পাড়ি দিতে হচ্ছে।

রেড ক্রস ও রেড ক্রিসেন্টের কেভিন সিয়া বলেছেন, “লুসানের কেন্দ্রিয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু আশ্রয় ও প্রয়োজনীয় উপকরণের সঙ্কট রয়ে গেছে।”
“রাস্তা বন্ধ হয়ে থাকার কারণে রসদ সরবরাহে বিঘ্ন ঘটছে। আমাদের বেশিরভাগ রসদ রাস্তায়ই আটকে আছে,” বলেন তিনি।

ভূমিকম্পে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ইয়ান শহরের ভূমিকম্প ত্রাণ দপ্তরের উপপরিচালক চেন ইয়ঙ।

তিনি বলেন, “বেশিরভাগ এলাকার পরিস্থিতিই আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অধিকাংশ হতাহতদেরই তালিকাভূক্ত করা হয়েছে। তবে এমনও হতে পারে, পুরো পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণে আসেনি।”

এবারের ভূমিকম্পে কোনো স্কুল ভবন ধসে পড়েনি বলে জানান ইয়ঙ। ২০০৮ সালের ভূমিকম্পে স্কুল ধসে পড়ার ঘটনা জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছিল।

“আমাদের স্কুলগুলো সবচেয়ে নিরাপদ ও দৃঢ় ভবন। স্কুল ও হাসপাতাল তৈরি করতে চীনা সরকার অনেক অর্থ ব্যয় করেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি কোনো স্কুল ধসে পড়েনি,” বলেন তিনি।

১৫ লাখ ৩০ হাজার বাসিন্দার ইয়ান শহরটি প্রাদেশিক রাজধানী চেংদু থেকে ১শ’ ৪০ কিলোমিটার দূরে। এলাকাটি জায়ান্ট পান্ডার বাসস্থান হিসেবে পরিচিত। এই এলাকা থেকেই চা চাষের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।

চেংদুসহ আশপাশের প্রদেশগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে।

ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত হয়। সবচেয়ে বড় পরাঘাতটির মাত্রা ছিল ৫ দশমিক ১।

প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, পরে তারা এর মাত্রা ৬ দশমিক ৬ বলে জানায়।