২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার গৃহযুদ্ধ মানবিক বিপর্যয় ডেকে এনেছে

সিরিয়ার দু’বছরের গৃহযুদ্ধের ধ্বংসলীলা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। দীর্ঘদিনের এ লড়াইয়ে ভষ্মীভূত হয়েছে বহু মানুষের বাড়িঘর, বিমান হামলার শিকার হয়েছে রুটির জন্য লাইনে দাঁড়ানো মানুষ, নির্যাতিত, ধর্ষিত এবং খুন হয়েছে শিশুরা, ধ্বংস হয়েছে শহরের পর শহর।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Apr 2013, 10:22 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

সিরিয়া পরিস্থিতি সম্পর্কে এ মূল্যায়ন জাতিসংঘের শরণার্থী বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের।

জাতিসংঘ প্রধান ত্রাণ কর্মকর্তা ভ্যালেরি আমোস এবং শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার অ্যান্টোনিও গুটারেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, সিরিয়ার মোট জনসংখ্যার এক চতুর্থাংশই উদ্বাস্তু হয়েছে। এর মধ্যে ১৩ লাখ মানুষ পালিয়ে গেছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশে।

সিরিয়া পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ধরনের ব্রিফিং বিরল। আমোস ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে সিরিয়ায় এই নৃশংস সংঘাত বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

আমোস বলেন, “সিরিয়া পরিস্থিতি একটি মানবিক বিপর্যয়। সংঘাত অবসানে ব্যর্থতার কারণে এর মূল্য দিচ্ছে সাধারণ জনগণ।”

বিশ্ব সম্প্রদায় কেন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে আছে সিরীয়দের এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি বলে জানান আমোস।

সিরিয়ায় সংঘাতের অবসান ঘটানো হবে কিভাবে তা নিয়ে অচলাবস্থা বিরাজ করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া, ও চীন জাতিসংঘে সিরিয়াবিরোধী প্রস্তাবনায় ভেটো দিচ্ছে।

জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ার চলমান লড়াই সংঘর্ষে নিহত হয়েছে ৭০ হাজারেরও বেশি মানুষ।

“লড়াইয়ে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে শিশুরা। তারা খুন, ধর্ষণ এবং নির্যাতনের শিকার হয়েছে।বেশরভাই ভুগছে খাদ্যাভাবে।অনেকেই আতঙ্কে ট্রমায় ভুগছে। নৃশংস এ সংঘাতে শুধু সিরিয়ার বর্তমানই নয় ধুলিস্যাৎ হচ্ছে ভবিষ্যৎও।” বলেন আমোস।