২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টন হামলার এক সন্দেহভাজন নিহত, আরেকজনকে খুঁজছে পুলিশ

বস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনের মধ্যে একজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ঘটনায় জড়িত অপর একজনের খোঁজে বস্টনের শহরতলীর ওয়াটারফ্রন্ট এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Apr 2013, 09:49 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ওই দুই সন্দেভাজনের ছবি ও ভিডিও প্রকাশ করে তাদের শনাক্ত করার জন্য জনতার সহায়তা চেয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

প্রকাশিত ছবিতে পিঠে ব্যাগ বাঁধা ওই দুজনকে সোমবার ম্যারাথন দৌড়ের ফিনিশিং লাইনের কাছে জমায়েত দর্শক সারির পেছনে হেঁটে যেতে দেখা যায়। সন্দেহভাজন ওই ব্যক্তিদের ছবি বোমা বিস্ফোরণের কিছুক্ষণ আগে তোলা বলে জানিয়েছে এফবিআই।

ওই বিস্ফোরণে তিনজন নিহত ও ১শ’ ৭৬ জন আহত হয়।

টুইটারে প্রকাশিত এক তথ্যে বস্টনের পুলিশ কমিশনার এড ড্যাভিস বলেছেন, “এক সন্দেহভাজন নিহত হয়েছে। অপর জন এখনও ধরা পড়েনি। সশস্ত্র ও বিপজ্জনক ওই সাদা ক্যাপ পরা সন্দেভাজন এখনো পলাতক।”

প্রকাশিত ছবিতে সন্দেভাজন দুজনের একজনকে নীল ক্যাপ ও অপরজনকে সাদা ক্যাপ পরিহিত অবস্থায় দেখা গেছে।

পরে ড্যাভিস সাংবাদিকদের কাছে বলেছেন, “পলাতক ব্যক্তি একজন সন্ত্রাসী বলে আমাদের ধারণা। আমরা ধারণা করছি সে এখানে মানুষ খুন করতেই এসেছে। তাকে ধরে পুলিশ হেফাজতে নেওয়া দরকার।”

এফবিআইয়ের ছবি প্রকাশের পরপরই ওই দুজনকে আটকের জন্য ব্যাপক অভিযানে নামে পুলিশ।

বস্টনের শহরতলীর ওয়াটারফ্রন্ট এলাকায় ওই অভিযান চলাকালে বাসিন্দাদের ঘরের দরজা না খোলার হুঁশিয়ারি জারি করেছে ম্যাসাচুসেটস রাজ্য পুলিশ।

জীবিত সন্দেভাজনের খোঁজে পুলিশ ওয়াটারফ্রন্ট এলাকার প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে।