২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের এমআইটিতে গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের বস্টন শহরের পার্শ্ববর্তী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাসাচুসেটস ইনিস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) বৃহস্পতিবার রাতে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Apr 2013, 07:42 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন । এমআইটির ৩২ নাম্বার ভবনের কাছে এ ঘটনা ঘটে।

সোমবার বস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার দুইদিন পর ক্যামব্রিজে পুলিশ কর্মকর্তাকে হত্যার এ ঘটনা ঘটলো।

শুক্রবার সকালে এমআইটি’র পুলিশ ক্যাম্পাসে সতর্কতা জারি করে অপরাধীর খোঁজে চিরুণী অভিযান চালায়। অভিযানে ম্যাসাচুসেটস রাজ্য পুলিশ ও ক্যামব্রিজ পুলিশ এমআইটির পুলিশকে সহায়তা দিচ্ছে।

পুলিশ কর্মকর্তা হত্যার উদ্দেশ্য জানা যায়নি বলে জানিয়েছেন ম্যাসাচুসেটস রাজ্য পুলিশের মুখপাত্র ডেভিড প্রোকোপিও।

সোমবার বস্টনের বিশ্বখ্যাত ম্যারাথন দৌড়ের ‘ফিনিশিং লাইনের’ কাছে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ১শ’ ৭৬ জন আহত হয়। এ ঘটনায় বস্টনের বাসিন্দারা যখন চরম আতঙ্কে আছে তখনই এমআইটিতে এ ঘটনা ঘটলো।

এমআইটির ঘটনার সঙ্গে বস্টনের ঘটনার কোনো সম্পর্ক আছে এমনটি মনে করেন না বলে জানিয়েছেন প্রোকোপ্রিও। তিনি বলেন, “এই মূহুর্তে শতভাগ নিশ্চয়তা দিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব না।”

এক সন্দেভাজনকে ধরার উদ্দেশ্যে রাজ্য পুলিশ ওই অভিযান চালাচ্ছে বলে এক বিবৃতিতে প্রোকোপ্রিও জানিয়েছেন।

জরুরী এক বিবৃতিতে এমআইটি ছাত্রছাত্রীদের নিজ নিজ রুমে অবস্থান করতে ও ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

এমআইটির ওয়াটার ফ্রন্ট এলাকায় পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ট্যুইটার ও ফেসবুকে দেওয়া স্থানীয়দের স্ট্যাটাসের সূত্রে জানিয়েছে বিবিসি অনলাইন।