উত্তর কোরিয়ায় শিক্ষাসফর, সমালোচনার মুখে বিবিসি
উত্তর কোরিয়ায় গোপন এক শিক্ষাসফরের আয়োজন করে ‘লন্ডন স্কুল অব ইকোনোমিক্স’ (এলএসই) এর সমালোচনার মুখে পড়েছে বিবিসি।
শিক্ষসফরের নামে বিবিসি’র বিশিষ্ট প্রতিবেদক জন সুইনিসহ তিন সাংবাদিক মার্চের শেষদিকে উত্তর কোরিয়া নিয়ে ‘প্যানোরমা’ কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগামের জন্য একটি গোপন প্রামাণ্যচিত্র তৈরি করতে পর্যটক বেশে দেশটিতে ৮ দিনের সফরে যায়।
এতে করে ওই পরিকল্পনা সম্পর্কে জানা না থাকা শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে এলএসই।
তারা জানায়, শিক্ষার্থীদেরকে কেবল বলা হয়েছিল যে, একজন সাংবাদিক তাদের সঙ্গে যাবেন।কিন্তু বিবিসি’র আসল পরিকল্পনা তাদেরকে পরিস্কার করে জানানো হয়নি।
লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এর পরিচালক ক্রেইগ কলহুন টুইটার বার্তায় লিখেছেন, এটি আনুষ্ঠানিক কোনো সফর ছিল না।বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় এমন কয়েকজন এবং বিবিসি মিলে ১০ জন শিক্ষার্থীকে তাদের দলে ভিড়িয়ে সফরের আয়োজন করে।
শিক্ষার্থীদেরকে একেবারে শেষ মুহূর্তে ডকুমেন্টারি তৈরির বিষয়টি জানানো হয়।যখন তারা বিমানে উঠে গিয়েছিল- বলেন, এলএসই’র জেনারেল সেক্রেটারি অ্যালেক্স পিটারস-ডে।
এলএসই আরো জানায়, প্রতিবেদক সুইনি এ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হন ১৯৮০ সালে।তাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন পিএইচডি ছাত্র সাজিয়ে সফরে নিয়ে যাওয়া হয়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিবিসি’র স্টাফরা ইচ্ছাকৃতভাবেই সফরকারী দলটিকে ওই ঘটনায় বিবিসি’র জড়িত থাকার ব্যাপারে বিভ্রান্ত করার কথা স্বীকার করেছে বলে এলএসই এক মেইলে ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয় স্টাফদেরকে জানিয়েছে।
কিন্তু বিবিসি’র মুখপাত্র এ বিবৃতি অস্বীকার করে বলছেন, কোরিয়া উপদ্বীপে উত্তেজনার এ সময়ে সেখানে সফরে যাওয়ার ঝুঁকি সম্পর্কে, বিশেষ করে, গ্রেপ্তার কিংবা আটক হওয়ার আশঙ্কার ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছিল।
উত্তর কোরিয়া বিষয়ক প্রামাণ্যচিত্রটি সোমবার প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।এলএসই চেয়ারম্যান এটি প্রদর্শন না করার জন্য বিবিসিকে অনুরোধ জানিয়েছেন।কিন্তু এ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিবিসি’র মহাপরিচালক।
