ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ফায়াদের পদত্যাগ
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদ শনিবার পদত্যাগ করেছেন।প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কয়েকমাসের বিরোধের জেরে তিনি পদত্যাগ করলেন।
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু করানোর যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যে ফায়াদের এ পদত্যাগে প্রশাসন বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ল।
সরকারি নীতি নিয়ে আব্বাসের সঙ্গে বিরোধের জেরে গত বুধবার পদত্যাগ করার সিদ্ধান্ত নেন ফায়াদ।
এরপর তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করেন আব্বাস। তবে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত ফায়াদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকতে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট।
২০০৭ সাল থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন ফায়াদ।ফিলিস্তিন আইনে দু’সপ্তাহের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে প্রেসিডেন্টকে।
