২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো চীনের রাজধানীতে বার্ড ফ্লু

চীনের রাজধানী বেইজিংয়ে প্রথম বারের মতো নতুন এক ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। পূর্ব চীনের বাইরে এই প্রথম এই ধরনের বার্ড ফ্লু মানুষের দেহে পাওয়া গেল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Apr 2013, 09:02 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়া বিষয়টি জানিয়েছে।

‘এইচ৭এন৯’ বার্ড ফ্লুতে আক্রান্ত একটি সাত বছরের শিশুকে বেইজিংয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে, শিশুটি শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে। শিশুটির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে থাকা দুই ব্যক্তির শরীরে বার্ড ফ্লু সংক্রমণের কোনো লক্ষণ ধরা পড়েনি বলে সিনহুয়া জানিয়েছে। গত মাসে মানবদেহে প্রথমবারের মতো বার্ড ফ্লুর ‘এইচ৭এন৯’ ভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত আক্রান্ত ৪৪ জনের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। চীনের উত্তরাঞ্চলে অবস্থিত বেইজিংয়ের আগে পূর্বাঞ্চলীয় সাংহাই শহর, ঝেইজিং, জিয়াঙ্গশু এবং আনহুই প্রদেশে এ সংক্রমণ ধরা পড়েছিল। সংক্রমেণর উৎস এখনো শনাক্ত করা যায়নি। তবে বাজারে বিক্রির জন্য রাখা বিভিন্ন পোল্ট্রি খামারের মুরগী ও অন্যান্য পাখির মধ্যে জীবাণুটি শনাক্ত করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ও চীনা কর্তৃপক্ষ সংক্রমণের উৎস শনাক্তে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। নতুন ভাইরাসটিতে আক্রান্ত অধিকাংশ মানুষ গুরুতর অসুস্থতার শিকার হন। ভাইরাসটি যদি খুব সহজেই ছড়িয়ে পড়ে তাহলে এটি প্রাণঘাতী ইনফ্লুয়েঞ্জার বিস্তার ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ ধরনের কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।