২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় আবারো সংবাদমাধ্যমে হামলা

জোর করে সংবাদপত্র ছাপানো বন্ধের লক্ষ্যে তামিল ভাষার একটি সংবাদপত্রের ছাপাখানায় আগুন ধরিয়ে দিয়েছে তিনজন সশস্ত্র লংকান। এই সংবাদপত্রটি লংকান সরকারের তীব্র সমালোচক বলে পরিচিত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Apr 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সংবাদপত্রটির সম্পাদক শনিবার এ কথা জানিয়েছেন।

উত্থায়ন নামে তামিল ভাষার এই সংবাদপত্রে হামলার মধ্যদিয়ে দেশটির উত্তরাঞ্চলে সংবাদমাধ্যমের উপর ৫ দফা হামলা চালানো হল।

মার্চের ২১ তারিখ শ্রীলংকার সরকারের প্রতি জাতিসংঘ মানবাধিকার লংঘন না করার আহ্বান জানানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর এটি দেশটির কোনো সংবাদমাধ্যমের উপর দ্বিতীয় হামলা।
উত্থায়ন সংবাদপত্রের সম্পাদক থিভানায়াঙ্গম প্রেমানাথ রয়টার্সকে বলেন, "হেলমেট পরিহিত তিন ব্যক্তি ছাপাখানায় প্রবেশ করে কর্মীদের হুমকি-ধামকি দিয়ে প্রধান যন্ত্রটিতে আগুন ধরিয়ে দেয়।"
শ্রীলংকার উত্তরাঞ্চলীয় জাফনার শীর্ষসংবাদপত্র উত্থায়ন। এটি প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকসের সরকার এবং সেনাবাহিনীর তীব্র সমালোচক হিসেবে পরিচিত।

গত সপ্তায় অজ্ঞাত একদল মানুষ উত্থায়নের অপর একটি কার্যালয়ে হামলা চালিয়ে ৫জন কর্মীকে আহত করে।

তামিল ন্যাশানাল অ্যালয়েন্স পার্টি থেকে নির্বাচিত আইনপ্রণেতা ই. সারাভানাপাবন বলেন, এর আগের হামলায় সরকার দোষী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় উত্তরাঞ্চলে সংবাদমাধ্যমের উপর হামলা প্রকারান্তরে উস্কে দিয়েছে।

পুলিশের মুখপাত্র বুদ্ধিকা শ্রিবর্ধনা জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তবে এরআগে সংবাদমাধ্যমের উপর ৪ দফা হামলায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।