২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলা অনুমোদনের স্বীকারোক্তি মুশাররফের

পাকিস্তানের আদিবাসী এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলার গোপন অনুমোদন দেয়ার কথা স্বীকার করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বিতর্কিত ড্রোন হামলা নিয়ে পাকিস্তানের বর্তমান কিংবা সাবেক কোনো কর্মকর্তার এটিই প্রথম স্বীকারোক্তি। পিটিআই এ খবর দিয়েছে। মুশাররফ বলেন, বিতর্কিত ড্রোন অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি। তার প্রশাসন খুব সীমিত কয়েকটি ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলার দ্বার উন্মুক্ত করে দিয়েছিল; বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি লক্ষ্যস্থলে (ড্রোন হামলার) অনুমোদন দেয়া হয়, যেখানে নিরাপত্তায় ব্যাঘাত ঘটার কোনো সুযোগ ছিল না। “ড্রোন হামলার বিষয়টি নিয়ে সামরিক এবং গোয়েন্দা পর্যায়ে আলোচনা হয়েছে।আর কেবলমাত্র পাকিস্তানের (বিশেষ অভিযানের টাস্ক ফোর্স) এবং সামরিক বাহিনীর হাতে সময় না থাকলে সেক্ষেত্রে হামলা চালানো অবাধ করা হয়,” সিএনএন’কে বলেন মুশাররফ। “সময়ে সময়ে কাজে দেরী করা যায় না।চড়াই-উৎরাই সবসময় চলতেই থাকে...তখন পরিস্থিতিটা খুব অস্থির ছিল, দুর্ধষ শত্রু... পাহাড়-পর্বত, দুর্গম সব এলাকা,” বলেন তিনি। ১১ মে’র সাধারণ নির্বাচনে অংশ নিতে চার-বছরের স্বেচ্ছা নির্বাসন থেকে সদ্য দেশে ফিরেছেন মুশাররফ। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আদিবাসী এক যুদ্ধবাজ নেতা (যার বিরুদ্ধে আদিবাসী এলাকায় আল-কায়েদা জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগ ছিল) নেক মোহাম্মদ নিহত হন বলে জানিয়েছেন মুশাররফ। কিন্তু ওই সময় (২০০৪ সালের জুন) পাকিস্তানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় মোহাম্মদ নিহত হন বলে দাবি করেছিল পাকিস্তানের গোয়েন্দা বাহিনী। পাকিস্তানের নেতারা বহুদিন ধরেই ড্রোন হামলার অনুমতি দেয়ার ব্যাপারে কর্র্তপক্ষের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ড্রোন হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেই বর্ণনা করে আসছে। ২০০৪ সাল থেকে ড্রোন হামলায় পাকিস্তানে তালেবান ও আল কায়েদা জঙ্গিসহ বহু মানুষের মৃত্যু হয়েছে। মুশাররফ এ হামলার অনুমোদন দেয়ার কথা স্বীকার করায় এ বিষয়টি পরিস্কার যে, এ ধরনের হামলার ক্ষেত্রে তিনি ও অন্যান্যদের কিছু না কিছু ভূমিকা আছে।তা তারা এই কর্মসূচি তদারক করা কিংবা প্রতিটি হামলার অনুমোদন দিয়ে থাকুন বা না-ই থাকুন।