২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলার লক্ষ্য ‘বেসামরিক নাগরিক’

সিরিয়ার বিমান বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।তাদের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে বলেও জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’(এইচআরডব্লিউ)।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 11:06 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

উত্তর-পশ্চিম সিরিয়ায় ৫২ টি স্থান পরিদর্শনের পর বেআইনি এমন ৫৯টি হামলার প্রমাণ পেয়েছে এইচআরডব্লিউ।এ সমস্ত হামলায় আনুমানিক হিসাবে হাজার হাজার মানুষের মৃত্যু আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।

সিরিয়ায় গৃহযুদ্ধে নিহত ৭০ হাজার মানুষের অনেকেই সরকারি বাহিনীর এমন বেআইনি হামলার শিকার হয়ে মারা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ সংক্রান্ত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, ২০১২ সালে জুলাইয়ের শেষ দিক থেকে বিদ্রোহী বাহিনীর দখলে থাকা বিভিন্ন শহর, নগর ও আশেপাশের এলাকায় ক্রমাগত বিমান হামলা চলেছে।

এ সমস্ত হামলায় রুটির দোকান এমনকি হাসপাতালগুলোও বাদ যায়নি।রুটি কিনতে দোকানে লাইন ধরে দাঁড়ানো মানুষের ওপর চলেছে নির্বিচার হামলা।টার্গেট করে এ হামলা চালানো হয়েছে-এর সুষ্পষ্ট প্রমাণও আছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দামেস্কর বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা নিতে বাধা সৃষ্টির জন্য রাশিয়া ও চীনকে দুষেছে এইচআরডব্লিউ।

২০১১ সালের অক্টোবর থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত সিরিয়া সরকারের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় তিনবার ভেটো দিয়েছে চীন ও রাশিয়া।

কিন্তু সিরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপসহ, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এবং সিরিয়া পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হওয়ার মতো পদক্ষেপ নেয়া এখন জাতিসংঘের জন্য জরুরি হয়ে পড়েছে মত দিয়েছে এইচআরডব্লিউ।