‘মৃত্যুদণ্ড অতীতের বিষয়ে পরিণত হচ্ছে’
কিছু দেশে বহাল থাকলেও ২০১২ সাল পর্যন্ত আগের তুলনায় বিশ্বে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার পরিমাণ ক্রমেই বৃদ্ধি পেয়েছে বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে।
ভারত, জাপান, পাকিস্তান ও গাম্বিয়ায় মৃত্যুদণ্ড প্রায় বন্ধ হয়ে গিয়ে হতাশাজনকভাবে আবার ফিরে এসেছে বলে অ্যামনেস্টির পর্যবেক্ষণের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
তবে বিশ্বের অন্যান্য দেশে মৃত্যুদণ্ড ক্রমেই “একটি অতীতের বিষয়” এ পরিণত হচ্ছে বলে অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠি জানিয়েছেন।
চীন, ইরান, ইরাক, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র, এই পাঁচটি দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ইরাকে মৃত্যুদণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে। ২০১১ সালের তুলনায় গত বছর দেশটিতে মৃতুদণ্ড প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ৬৮টি মৃত্যুদণ্ডের জায়গায় ১২৯টিতে এসে দাঁড়িয়েছে।
সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া পাঁচটি দেশের মধ্যে ২০১২ সালে ইরানে অন্তত ৩১৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং সৌদি আরবে অন্তত ৭৯ জনকে এই দণ্ড দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে ২০১১ সালের মতোই সমান সংখ্যক ৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও আগের বছরের তুলনায় অল্প সংখ্যক রাজ্যে এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।
চীনের মৃত্যুদণ্ডের সংখ্যা সম্পর্কে গোপনীয়তার কারণে সঠিক কোনো পরিসংখ্যান অ্যামনেস্টি দিতে পারেনি, তবে এ সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে মানবাধিকার সংস্থাটির অনুমান। এই সংখ্যা বিশ্বের বাকী সব দেশের মৃত্যুদণ্ডের সংখ্যার যোগফল থেকেও বেশি।
২০০৪ সালের পর থেকে বন্ধ থাকলেও ২০১২ সালে ভারত আবার একজনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ২০০৮ সালে মুম্বাই হামলার একমাত্র জীবিত অভিযুক্ত জঙ্গি আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড ২০১২ সালের নভেম্বরে কার্যকর হয় ।
ইন্দোনেশিয়ায় চার বছর পর মাদক পাচারের দায়ে যুক্তরাজ্যের এক নারীকে গত বছর মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সার্বিকভাবে, ২০১১ সালের তুলনায় ২০১২ সালে মৃত্যুদণ্ড কার্যকর ঘটনা মাত্র দুটি বৃদ্ধি পেয়ে ৬৮০’র জায়গায় ৬৮২টি এসে দাঁড়িয়েছে। কিন্তু ২০১১ সালের তুলনায় ২০১২ সালে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা হ্রাস পেয়ে ১৯২৩ টি থেকে ১৭২২ এ এসে দাঁড়িয়েছে।
এই সময় মৃত্যুদণ্ড দেওয়া দেশের সংখ্যাও হ্রাস পেয়ে ৬৩টি থেকে ৫৮টিতে এসে দাঁড়িয়েছে। তবে কিছু দেশে মৃত্যুদণ্ডের বিধান ফিরে আসায় মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের সংখ্যা ২০১১’র মতো ২১টিই রয়ে গেছে।
একদশক আগে মৃত্যুদণ্ড কার্যকর করা রাষ্ট্রের সংখ্যা ছিল ২৮টি।
২০১২ সালে বিশ্বের ৯৭তম দেশ হিসেবে লাটভিয়া মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর মৃত্যুদণ্ড কার্যকর করতে ফাঁসি, শিরশ্ছেদ, ফায়ারিং স্কোয়াড ও বিষাক্ত ইঞ্জেকশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
