২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচন ৫ মে

চলতি বছরের ৫ মে মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির নির্বাচন কমিশন বুধবার এই তারিখ ঘোষণা করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Apr 2013, 08:36 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

এরমধ্যদিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।

এটি দক্ষিণপূর্ব এশিয়ার তৃতীয় অর্থনৈতিক রাষ্ট্র মালেয়েশিয়ার ক্ষমতাসীন দলের ৫৬ বছরের শাসনামলের সবচেয়ে বড় পরীক্ষা বলে বিশ্লেষকরা ধারণা করছেন।

দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল আজিজ ইউসফ বলেন, ২০ এপ্রিল চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন করা হবে। তার অর্থ হচ্ছে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার জন্য দুই সপ্তাহ সময় পাবেন।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।

নির্বাচনী মতামত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন ন্যাশনাল ফ্রন্ট স্বল্প ব্যবধানে জয়ী হবে।

২০০৮ সালে ক্ষমতাসীন দল প্রথমবারের মতো পার্লামেন্টের দুইতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারায়। নাজিব রাজাকের ওপর দুইতৃতীয়াংশ আসন পুনরুদ্ধারের বিশাল চাপ রয়েছে।

রাজাককে সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন আত্মবিশ্বাসী বিরোধীপক্ষকে মোকাবিলা করেই নির্বাচনী তরণী পার হতে হবে।

এক সপ্তা আগে সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করতে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দেন।

ওই ভাষণে নাজিব বলেন, “৩ এপ্রিল থেকে পার্লামেন্ট বিলুপ্তির জন্য আমার জানানো অনুরোধ রাজা গ্রহণ করেছেন।”

এপ্রিলেই নাজিবের ক্ষমতাসীন জোট সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এ মাসের মধ্যেই সাধারণ নির্বাচন ঘোষণা করতে সরকারের ওপর সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।