খনি থেকে ইউরেনিয়াম তোলার ঘোষণা ইরানের
জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালনের পাশাপাশি উচ্চ পর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া একটি ইউরেনিয়াম খনি চালু করা ও একটি ইউরেনিয়াম নিষ্কাশন প্রকল্প চালু করারও ঘোষণা দিয়েছে দেশটি।
ইরানের পরমাণু শক্তি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ফেরিদুন আব্বাসি দাভানি বলেছেন, “আমরা ১০ মেগাওয়াটের একটি পরমাণু চুল্লি নকশার কাজ শুরু করেছি আর এই চুল্লি বসানোর জন্য স্থান নির্বাচনের কাজও চলছে।”
নির্মাণ কাজ চলতি বছরেই শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।
এ ধরনের মন্তব্য ইরান আগে করে থাকলেও এখন এ মন্তব্য করার অর্থ দেশটি উচ্চ পর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপকে পুরোপুরি উপেক্ষা করছে।
যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের সন্দেহ উচ্চ পর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু অস্ত্র নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে ইরান। কিন্তু ইরানের দাবি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত আইসোটোপ তৈরি করাই উচ্চ পর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণের উদ্দেশ্যে।
গত সপ্তাহে মধ্য এশিয়ার কাজাখস্তানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি, এই ছয়টি বিশ্বশক্তির প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের উচ্চ পর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা ব্যর্থ হয়। এতে ইরানের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে চলমান অচলাবস্থা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরুর হুমকি তৈরি করছে।
পরমাণু প্রযুক্তি দিবসের ভাষণে ইরানি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন, “পশ্চিমা জাতিগুলো পরমাণু সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইরান পরমাণু সক্ষমতা অর্জন করবে।”
“তারা বিধিনিষেধে আরোপ করার পাশাপাশি হুমকিও দিয়ে যাচ্ছে, তারা ভাবছে ইরানি জাতি কখনও পরমাণু শক্তি সক্ষমতা অর্জন করতে পারবে না, কিন্তু তাদের জন্য সবচেয়ে ভালো পথ হচ্ছে ইরানকে সহযোগিতা করে যাওয়া,” বলেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরান মধ্যাঞ্চলীয় প্রদেশে ইয়াজদে সাগহান্দ ১ ও ২ ইউরেনিয়াম খনি চালু করার পাশাপাশি একই এলাকার আরদাকান টাউনে ইউরেনিয়ামের হলুদকেক বানানোর (প্রক্রিয়াজাতকরণ) প্রকল্প চালু করেছে।
হলুদকেক কে আরো প্রক্রিয়াজাত করে সমৃদ্ধ ইউরেনিয়ামে পরিণত করে নিউক্লিয়ার শক্তি প্রকল্পে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আরো প্রক্রিয়াজাত করে উচ্চ পর্যায়ের সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করে ইরান পরমাণু বোমা তৈরির মতলব আটছে বলে সন্দেহ করছে পশ্চিমা দেশগুলো।
