সুদানের সেনাবাহিনীর ১৫ বিদ্রোহী হত্যার দাবি
সুদানের সেনাবাহিনী জঙ্গিদের দখল করে রাখা দেশটির দক্ষিণাঞ্চলীয় দারফুরের একটি অংশ পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে। ওই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনা বাহিনীর লড়াইয়ে ১৫ জন নিহত হয়েছেন।
সেনাবাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তবে একই সময় বিদ্রোহীদের পক্ষ থেকে ওই অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি করা হয়েছে।
বিদ্রোহীদের মুখপাত্র আল সাওয়ারমি খালিদ সাদ বলেন, মিননি মিনাওয়ির অনুগত বিদ্রোহীরা দক্ষিণ দারফুরের দুবু এলাকায় হামলা চালিয়ে সেনাবাহিনীকে হটিয়ে দিয়েছে।
কিন্তু রাষ্ট্রনিয়ন্ত্রিত সুনা সংবাদ সংস্থা জানিয়েছে, সরকারি বাহিনী ওই অঞ্চলে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
অন্যদিকে, পৃথকভাবে সুদান লিবারেশন আর্মি’র (এসএলএ) আবদেল ওয়াহেদ মোহামেদ আল নূরের নেতৃত্বাধীন অংশের মুখপাত্র জানিয়েছেন, বিদ্রোহীরা উত্তর দারফুরের তিনটি সেনাশিবির দখল করে ৬৪ জন সেনাকে হত্যা করেছে।
তবে এসব খবরের সত্যতা নিরপেক্ষভাবে যাচাইয়ের সুযোগ পাওয়া যায় না। কারণ ওইসব অঞ্চলে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
সুদানের দারফুরে আরব নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অ আরব বিদ্রোহীরা ২০০৩ সালে অস্ত্র হাতে তুলে নেয়ার পর থেকে ওই অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে।
