বিদেশিদের দক্ষিণ কোরিয়া ছাড়তে বলল উত্তর কোরিয়া
যুদ্ধ ঝুঁকির মধ্যে রয়েছে বলে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বিদেশিদের দেশটি ছেড়ে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার ‘কোরিয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শান্তি কমিটি’র উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানায়।
খবরে বলা হয়, “যুদ্ধ শুরু হলে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বিদেশিদের ক্ষতি করতে চাই না আমরা ।”
এটি কোরীয় উপদ্বীপে যুদ্ধ শুরুর বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সর্বশেষ হুমকি।
১২ ফেব্রুয়ারি তৃতীয় পরমাণু বোমার পরীক্ষমূলক বিস্ফোরণের পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনেতিক নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। ক্ষিপ্ত উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেয়। এতে ১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর থেকে উপদ্বীপটিতে সবচেয়ে সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
গত সপ্তাহে যুদ্ধ শঙ্কার মুখে বিদেশি দূতাবাসের কূটনীতিকদের উত্তর কোরিয়া ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেয় পিয়ংইয়ং।
মঙ্গলবার সকালে উত্তর কোরীয় শ্রমিকরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি শিল্প এলাকায় কাজের জন্য যেতে পারেননি। এতে শত্রুভাবাপন্ন প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে সহযোগীতার সর্বশেষ প্রতীকটিও কার্যকরভাবে বন্ধ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে।
তবে এতসব যুদ্ধের হুমকি সত্বেও উত্তর কোরিয়া তার ১২ লাখ সদস্যের শক্তিশালী সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে বলে কোনো লক্ষণ দেখা যায়নি। দেশে নতুন নেতা ৩০ বছর বয়সী কিম জঙ উনের অবস্থান পাকাপোক্ত করার জন্যই এসব যুদ্ধের দামামা বাজানো হচ্ছে বলে পশ্চিমা পর্যবেক্ষকদের ধারণা।
