কোরিয়া উত্তেজনায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা পেছাল যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়াকে নিয়ে উত্তেজনার মধ্যে কোনোরকম উস্কানি এড়াতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিছিয়েছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়াকে নিয়ে উত্তেজনার মধ্যে কোনোরকম উস্কানি এড়াতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিছিয়েছে যুক্তরাষ্ট্র।
আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ বিমান ঘাঁটির বাইরে মিনিটম্যান-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা ছিল পেন্টাগনের।
কিন্তু কোরিয়া উপদ্বীপে সংঘাতের আশঙ্কার সময়টিতে উত্তর কোরিয়া এ পরীক্ষার ভুল ব্যাখ্যা করতে পারে- এমন উদ্বেগের মুখে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।বিবিসি এ খবর দিয়েছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা মে পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলেই জানিয়েছেন কর্মকর্তারা।আর এ পিছিয়ে যাওয়াকে উত্তর কোরিয়া তাদের জয় বলেই ধরে নেবে বলে মনে করছেন সংবাদদাতারা।
গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর শাস্তিস্বরূপ জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া দেশ দুটিতে একের পর এক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রে মূল ভূখণ্ডসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দেয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে উত্তর কোরিয়া।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘন করে তারা বন্ধ পরমাণু স্থাপনা ইয়ংবিয়নের চুল্লি আবার চালুর ঘোষণা দিয়েছে।
এ পরিস্থিতির মুখে পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনোরকম অপব্যাখ্যা বা এ পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ভুলবোঝাবুঝির সৃষ্টি হোক তা চায় না যুক্তরাষ্ট্র।
আর তাই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পেছানোটা খুবই “যৌক্তিক, বিচক্ষণ এবং দায়িত্বশীল কাজ হয়েছে” বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক সময়ে বরাবরই কোরিয়া উপদ্বীপে সংঘাতের আশঙ্কা আপাতত নেই বলে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে আসছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা পেছানোর এ উদ্যোগ নিল। কিন্তু উত্তর কোরিয়া এ পদক্ষেপকে তাদের প্রচারণার সুবিধার্থে কাজে লাগাতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
