২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্র পরিদর্শকের সিরিয়া গমনে এখনো চুক্তি হয়নি

বৃহস্পতিবার রয়টার্সের হস্তগত হওয়া এক চিঠির সূত্রে জানা গেছে, তদন্তকারীদের যাওয়ার বিষয়ে সিরিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত বাশার জাফরির সঙ্গে জাতিসংঘ নিরস্ত্র কর্মসূচীর দপ্তর প্রধান আঙ্গেলা কেনের চিঠি বিনিময় চলছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Apr 2013, 08:45 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর নিকটবর্তী এলাকায় বিদ্রোহীদের কথিত রাসায়নিক অস্ত্র হামলা চালানোর অভিযোগ খতিয়ে দেখতে জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শকের সিরিয়া যাওয়া নিয়ে এখনও কোনো সমঝোতা হয়নি।

এই রাসায়নিক অস্ত্রের হামলার বিষয়ে জাতিসংঘে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে সিরিয়ার সরকার বিরোধীরা। এ ছাড়া এ বিষয়ে বিদ্রোহীদের জানানো দুটি অভিযোগেরও তদন্ত চায় পশ্চিমা দেশগুলো।

সিরিয়ার সরকারের করা অভিযোগের তদন্ত করা হবে বলে গত মাসে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। তবে তদন্ত বিষয়ে সিরিয়ার সরকারের সঙ্গে জাতিসংঘের এখনও কোনো কার্যকর আলোচনা হয়নি বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কূটনীতিক। তিনি বলেন, “তদন্তকাজে সেখানে যাওয়ার জন্য এখনও কোনো সমঝোতা হয়নি। যাওয়া ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে চুক্তি না হওয়া পর্যন্ত সেখানে পরিদর্শকদের মোতায়েন করা হবে না।” বৃহস্পতিবার রয়টার্সের হস্তগত হওয়া এক চিঠির সূত্রে জানা গেছে, তদন্তকারীদের যাওয়ার বিষয়ে সিরিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত বাশার জাফরির সঙ্গে জাতিসংঘ নিরস্ত্র কর্মসূচীর দপ্তর প্রধান আঙ্গেলা কেনের চিঠি বিনিময় চলছে। মঙ্গলবার কেনের কাছে পাঠানো ওই চিঠিতে রাষ্ট্রদূত জাফরি কেনের প্রস্তাবিত তদন্তকারীদের জন্য “আইনি ও অন্যান্য প্রয়োজনীয় সমর্থনের বিষয়ে” কিছুটা পরিবর্তন আনার অনুরোধ করেছেন। চিঠিতে জাফরি বারবার বলেছেন, তদন্তকারী পরিদর্শকদের আলেপ্পোর নিকটবর্তী ওই ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দিলেই তদন্তের জন্য যথেষ্ট হবে। এই এলাকাটিতে একটি রাসায়নিক ক্ষেপণাস্ত্রের হামলায় ২৬ জন নিহত হয়েছে বলে সিরিয়া সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। কূটনীতিকরা জানিয়েছেন, জাতিসংঘ পরিদর্শক দলে কারা থাকবেন সে বিষয়ে পরামর্শ দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছে আসাদ সরকার। তবে এ বিষয়টি শুধুমাত্র জাতিসংঘ মহাসচিবের ওপর নির্ভর করছে বলে জাফরিকে সাফ জানিয়ে দিয়েছেন কেনে। তিনি বলেছেন, “তদন্তকারী মিশনের সদস্য কারা হবেন তা পুরোপুরি মহাসচিব বান কি মুনের এখতিয়ারধীন। একটি পরিপূর্ণ অর্থবহ তদন্ত পরিচালনার জন্য মিশনের সদস্যদের প্রয়োজনীয় চলাচলের স্বাধীনতা থাকতে হবে।”