ইরানি প্রতিক্রিয়ার অপেক্ষায় ছয় বিশ্বশক্তি
চলতি বছরের জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ইরানের পক্ষে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হবে। ফলে এ ক্ষেত্রে কোনো অগ্রগতি নাও হতে পারে।
কাজাখস্তানের আলমাতিতে শুক্রবার পরমাণু বিষয়ক আলোচনার দ্বিতীয় রাউন্ডের বৈঠকে মিলিতি হচ্ছে ছয় বিশ্বশক্তি ও ইরান। বৈঠকে পরমাণু আলোচনায় অচলাবস্থা কাটাতে বিশ্বশক্তিগুলোর দেওয়া সর্বশেষ প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হবে বলে ধারণা হচ্ছে।
ইরানের পরমাণু প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার বিনিময়ে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে পশ্চিমা শক্তিগুলো। গত ফেব্রুয়ারিতে আলমাতিতে প্রথম পর্বের আলোচনায় দেওয়া এই প্রস্তাবের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
আলমাতির এই বৈঠকে অংশগ্রহণকারী ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। ইরানের সঙ্গে তারা বৈঠকে বসবে।
আসছে জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ইরানের পক্ষে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা জটিলতায় এ ক্ষেত্রে কোনো অগ্রগতি নাও হতে পারে। কিন্তু কূটনৈতিক আলোচনা নিয়ে আর বেশি ধৈর্য ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল।
পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের সন্দেহ পরমাণু প্রকল্পের আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। পরমাণু অস্ত্রের অধিকারী হতে ইরানকে বাধা দিতে দেশটিতে সামরিক হামলা চালানোর পক্ষে ইসরায়েল।
কিন্তু এ ধরনের পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে এ প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এই পরাশক্তি।
তবে শুরু থেকেই নিজেদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান। পশ্চিমা দেশগুলোর সন্দেহকে অমূলক বলে উড়িয়ে দিয়েছে দেশটি।
এ অবস্থায় আপাতত কোনো চুক্তিতে না পৌঁছানো গেলেও অন্তত প্রস্তাবটির সুনির্দিষ্ট কিছু বিষয়ে দায়িত্বশীল আলোচনার আশা করছে পশ্চিমা কূটনীতিকরা।
বুধবার যুক্তরাষ্ট্র প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “আমরা আশা করছি ইরান প্রস্তুতি নিয়ে আসবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে আমলে নিয়ে ইরান সুসংবদ্ধ ও অর্থপূর্ণ সাড়া দিয়ে দ্বিপাক্ষিক আলোচনাকে গুরুত্বপূর্ণ করে তুলবে বলে আশা করছি আমরা।”
কিন্তু আন্তর্জাতিক চাপের বিরোধিতা করে ইরান দাবি করেছে, আন্তর্জাতিক আইনানুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের আছে, আর তাই সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া অনুমোদন উচিত বিশ্ব সম্প্রদায়ের।
ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানি প্রতিনিধিরা তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে আলমাতির আলোচনায় গেছেন। তবে ইরানি প্রস্তাবটি কি সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
ইরানি পক্ষের প্রধান আলোচক সায়েদ জলিল অবশ্য এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে বুধবার বলেছেন, “আমরা মনে করি আগামীকাল আমাদের আলোচনা একটি শব্দের ওপর ভিত্তি করে এগিয়ে যেতে পারে, আর তা হচ্ছে ইরানের অধিকার স্বীকার করে নেওয়া, বিশেষভাবে পরমাণু সমৃদ্ধকরণের অধিকার।”
কাজাকস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে জলিল এ কথা বলেন।
শুক্রবার কাজখস্তানের স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে দ্বিতীয় পর্যায়ের এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে যা পরদিন শনিবার পর্যন্ত চলবে।
