২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলে ক্ষেপণাস্ত্র নিচ্ছে উত্তর কোরিয়া

কোরিয়া উপদ্বীপে টান টান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে জাপান সাগরের দিকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম কাওয়ান জিন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এ তৎপরতার উদ্দেশ্য কি তা পরিস্কার নয় বলে মন্তব্য করেন কাওয়ান-জিন।তবে বলেন, এটি পুরোদস্তুর যুদ্ধ প্রস্তুতির লক্ষণ নয় বলেই মনে করেছেন তিনি।কারণ, ক্ষেপণাস্ত্র সরানো ছাড়া সেনা কিংবা সাজ-সরঞ্জাম পাঠানোর মতো অন্য কোনো তৎপরতা দেখা যায়নি।

কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সরানড়ার কারণ জানা নেই উল্লেখ করে কাওয়ান বলেন, পরীক্ষা করা বা মহড়া চালানোও এর উদ্দেশ্য হতে পারে।

পার্লামেন্টারি কমিটিতে অাইনপ্রণেতাদের তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি পাল্লা অনেক হলেও এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম নয়।

কাওয়ান-জিন ক্ষেপণাস্ত্রটির যে পাল্লা উল্লেখ করেছেন তাতে করে এটি উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্র বলেই ধারণা করা হচ্ছে।

এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩ হাজার কিলোমিটার এবং ধারণা করা হয় এটি দক্ষিণ কোরিয়া, জাপান ও প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়া এ মুসুদান ক্ষেপণাস্ত্রই পূর্ব উপকূলে নিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনে।তবে সেগুলো কত নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারবে তা নিয়ে সংশয় আছে।
উত্তর কোরিয়ার হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বুধবার জানায়, তারা আগামী কয়েক সপ্তাহে গুয়ামে ‘ব্যালিস্টিক টারমিনাল হাই আলটিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম’ (থাড) মোতায়েন করবে।

এ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়ার আঞ্চলিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রতিরক্ষাকে শক্তিশালী করবে বলে জানিয়েছে পেন্টাগন।

গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর শাস্তিস্বরূপ জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া দেশ দুটিতে একের পর এক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।

সম্প্রতি কয়েক সপ্তাহে উত্তর কোরিয়ার কার্যকলাপ ‘স্পষ্টত এবং বাস্তবিকই বিপজ্জনক’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।