২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া হুমকি: গুয়ামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার উদ্যোগ যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকির মুখে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে প্রতিরক্ষা ঢাল হিসাবে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 09:53 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

উত্তর কেরিয়ার হামলা মোকাবেলায় ঢাল হিসাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক সপ্তাহের মধ্যেই গড়ে তোলা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগন।

ইতোমধ্যেই ওই অঞ্চলে পাঠানো যুদ্ধজাহাজের সঙ্গে বাড়তি ব্যবস্থা হিসাবে থাকবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা।

উত্তর কেরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডসহ হাওয়াই এবং গুয়াম দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে পরমাণু অস্ত্র কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম না হলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

উত্তর কোরিয়া বুধবার দুই কোরিয়ার যৌথ উদ্যেগে স্থাপিত শিল্প এলাকা কাইসং এ দক্ষিণ কোরিয়ার কর্মীদের প্রবেশের অনুমতি দেয়া বন্ধ করেছে।


যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাব দিতে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য সামরিক বাহিনীকে চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে উত্তর কোরিয়া বলেছে, “ডিপিআরকে’র (উত্তর কোরিয়া) প্রতি যুক্তরাষ্ট্রের বাড়াবাড়িরকম বৈরি নীতি এবং পরমাণু অস্ত্রের বেপরোয়া হুমকি চূর্নবিচূর্ণ করে দেয়া হবে।”


বিবৃতিতে আরো বলা হয় “আমাদের সামরিক বাহিনীর নির্দয় অভিযান এরইমধ্যে পরীক্ষা করে দেখা হয়েছে এবং তা অনুমোদন করা হয়েছে।”


উত্তর কোরিয়ার এ হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বুধবার জানায়, তারা আগামী কয়েক সপ্তাহে গুয়ামে ‘ব্যালিস্টিক টারমিনাল হাই আলটিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম’ (থাড) মোতায়েন করবে।

এ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়ার আঞ্চলিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রতিরক্ষাকে শক্তিশালী করবে বলে জানিয়েছে পেন্টাগন।


গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর শাস্তিস্বরূপ জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া দেশ দুটিতে একের পর এক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।
সম্প্রতি কয়েক সপ্তাহে উত্তর কোরিয়ার কার্যকলাপ ‘স্পষ্টত এবং বাস্তবিকই বিপজ্জনক’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।