মালয়েশিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা
এপ্রিলেই নাজিবের ক্ষমতাসীন জোট সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এ মাসের মধ্যেই সাধারণ নির্বাচন ঘোষণা করতে সরকারের ওপর সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।
সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করতে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দেন বলে বিবিসি জানিয়েছে।
ভাষণে নাজিব বলেন, “৩ এপ্রিল থেকে পার্লামেন্ট বিলুপ্তির জন্য আমার জানানো অনুরোধ রাজা গ্রহণ করেছেন।”
নাজিবের নেতৃত্বাধীন ন্যাশনাল ফ্রন্ট (বিএন) জোট গত ৫০ বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করে আসছে। কিন্তু এবারের নির্বাচনে তাকে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করতে হবে।
২০০৮ এর নির্বাচনে ন্যাশনাল ফ্রন্ট প্রথমবারের মতো পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়।
নির্বাচনের একটি তারিখ নির্ধারণের জন্য আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী কর্মকর্তারা বৈঠকে মিলিত হবেন। এপ্রিলের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই অধিকাংশের ধারণা।
এপ্রিলেই নাজিবের ক্ষমতাসীন জোট সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এ মাসের মধ্যেই সাধারণ নির্বাচন ঘোষণা করতে সরকারের ওপর সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।
