উত্তর কোরিয়া সঙ্কট বহুদূর গড়িয়েছে: বান কি-মুন
উত্তর কোরিয়া সঙ্কট ‘অনেক দূর গড়িয়েছে’ মন্তব্য করে জরুরি ভিত্তিতে আলোচনা ডেকেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
উত্তর কোরিয়া মঙ্গলবার তাদের প্রধান ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা নতুন করে চালুর পরিকল্পনা ঘোষণার পর বান এ প্রতিক্রিয়া প্রকাশ করলেন।
বিবিসি জানায়, দক্ষিণ-পশ্চিম ইউরোপের আন্দোরা সফরকালে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার সঙ্গে আশু আলোচনা ডাকেন বান।
গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর পর থেকে তাদের একের পর এক হুমকি ও সামরিক তৎপরতায় উত্তেজনা বাড়ছে।
পরমাণু পরীক্ষার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া গত শনিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে “যুদ্ধাবস্থায়” প্রবেশ করার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার হুমকি দিয়ে তারা রকেট তাক করেছে, পরমাণু কর্মসূচি আরো জোরদারের পদক্ষেপ নিয়েছে এবং সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা আবার চালুর ঘোষণা দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বান বলেছেন, “পরিস্থিতি শান্ত হতে হবে।আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংঘাতের পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই ডিপিআরকে’র(উত্তর কোরিয়া)।পরমাণু অস্ত্রের হুমকি কোনো খেলা নয়।”
