২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নোভার্টিসের পেটেন্ট আবেদন প্রত্যাখ্যান

ক্যান্সারের ওষুধ গ্লিভেক এর উন্নত সংস্করণের জন্য সুইস ড্রাগ কোম্পানি নোভার্টিসের পেটেন্ট আবেদন প্রত্যাখ্যান করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Apr 2013, 12:19 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

আদালতের এ সিদ্ধান্তে ভারতের ওষুধ কোম্পানিগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা তাদের প্রতিদ্বন্দ্বী বিদেশি কোম্পানিগুলোকে ছাড়িয়ে যাওয়ার আশা জেগে উঠেছে।

পুরোনো ওষুধটিকেই সামান্য পরিবর্তন করে নতুন সংস্করণ তৈরি করা হয়েছে অভিযোগে নোভার্টিসের পেটেন্ট আবেদন প্রত্যাখ্যান করে ভারত কর্তৃপক্ষ।

ওষুধের গুণগত মানের মৌলিক কোনো পরিবর্তন না ঘটিয়েই সস্তা ওষুধের জন্য নতুন করে পেটেন্ট সুবিধা পাওয়ার বিরুদ্ধে আদালতের এ রায়ের প্রশংসা করেছেন স্বাস্থ্য অধিকার কর্মীরা।

তবে নোভার্টিস এ রায়ের সমালোচনা করে বলেছে, এতে করে ভারতে ওষুধ শিল্পে অগ্রগতি ব্যাহত হবে। কার্যকর বিকল্প চিকিৎসা ব্যবস্থার অভাবে রোগীদের জন্য রোগের চিকিৎসায় অগ্রগতি ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন নোভার্টিসের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস চেয়ারম্যান রঞ্জিত শাহানি।

২০০৬ সালে ওষুধের নতুন সংস্করণের জন্য পেটেন্ট আবেদন করে নোভার্টিস।নতুন ওষুধটিতে সহজেই কাজ হয় এ যুক্তিতে এর জন্য নতুন করে পেটেন্ট সুবিধা চায় কোম্পানিটি।

কিন্তু বিদ্যমান ওষুধের কেবলমাত্র সামান্য পরিবর্তন ঘটিয়ে ওষুধ কোম্পানিগুলোর নতুন করে পেটেন্ট নেয়ার চেষ্টার বিরুদ্ধে বলবৎ আইনের আওতায় ভারতের পেটেন্ট কর্তৃপক্ষ ওই অাবেদন প্রত্যাখ্যান করেছে।