২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার বার্তায় শান্তির আহ্বান পোপের

নতুন পোপ হিসাবে প্রথম পবিত্র ‘ইস্টার সানডে’র বার্তায় বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ফ্রান্সিস।কোরিয়া উপদ্বীপে উত্তেজনার অবসান ঘটিয়ে সঙ্কটের কূটনৈতিক সমাধানে পৌঁছার অবেদনও জানিয়েছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Mar 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

‘হ্যাপি ইস্টার!’ এই সরল উক্তিটি দিয়েই সেন্ট পিটারর্স বাসিলিকায় রোববার প্রথম ‘ইস্টার সানডে’র ভাষণ শুরু করেন পোপ ফ্রান্সিস।

আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তির ডাক দিয়ে তিনি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠা করাসহ সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ করা এবং আফ্রিকার কয়েকটি দেশে সংঘাতের রাজনৈতিক সমাধানের আহ্বান জানান।

এশিয়ায় শান্তি, বিশেষ করে কোরিয়া উপদ্বীপে উত্তেজনার অবসান কামনা করে ইতালিয় ভাষায় পোপ বলেন, “সেখানে বিরোধের অবসান ঘটে আবার নতুন করে সম্প্রীতির স্পৃহা জেগে উঠুক।”
পরমাণু অস্ত্র পরীক্ষার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়া উত্তর কোরিয়া শনিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে প্রবেশ করছে বলে ঘোষণা দিয়েছে।

মহান যিশু ঘৃণাকে ভালোবাসায় পরিণত করতেন, প্রতিশোধকে ক্ষমা এবং যুদ্ধকে শান্তিতে রূপান্তরিত করতেন জানিয়ে পোপ ফ্রান্সিস বলেন, ইস্টারের পবিত্র বিশ্বাস বুকে লালন করে মানুষ তাদের জীবনকে সুপথে পরিচালিত করার পথ খুঁজে পেতে পারে।
বিশ্বের গোলযোগপূর্ণ অঞ্চলগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি, বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় তারা নিজেদের সদিচ্ছা এবং উদ্যোগেই সংঘাত অবসানে আলোচনা শুরু করতে পারে।”
“একইভাবে অবসান ঘটানো যেতে পারে ইরাক এমনকি সিরিয়ার চলমান সংঘাতেরও।”
আফ্রিকার কয়েকটি দেশে সংঘাতের জন্য দুঃখ প্রকাশ করে পোপ বলেন, “মালি নাইজেরিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে দুঃখজনকভাবে সংঘাত চলছে।”

লোভ লালসা আর সহজে অভীষ্ট অর্জনের জন্য বিশ্বে আজ শান্তির পরিবর্তে হানাহানি বাড়ছে, স্বার্থপরতায় মানুষের জীবন-জীবীকা হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেন পোপ।
সহিংসতা আর মানুষের নানা অপকর্মে আজ বিশ্বে শান্তি বিঘ্নিত হচ্ছে এবং প্রকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের কারণে দুর্যোগ নেমে আসছে উল্লেখ করে পোপ যিশুর কাছে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার মানুষদের জন্য শুভকামনার পাশাপাশি স্ট্রষ্টার সৃষ্টির প্রতি মানুষের আরো বেশি দায়িত্বশীলতা কামনা করেন।