২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ ম্যান্ডেলার জন্য প্রার্থনা

দক্ষিণ আফ্রিকাজুড়ে চার্চগুলোতে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার রোগমুক্তির জন্য প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে।গত চারদিন ধরে হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সোয়েটোয় রেজিনা মুন্ডি চার্চের প্রার্থনায় শ’শ’ মানুষ যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার দক্ষিণ আফ্রিকার সরকার ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা ভালোভাবেই শ্বাস নিতে পারছেন বলে জানায়।

ফুসফুসের সমস্যা নিয়ে গত সপ্তাহে ফের হাসপাতালে ভর্তি হন তিনি।এরপর চিকিৎসার মাধ্যমে ফুসফুস থেকে অতিরিক্ত ফ্লুইড বের করে তার শ্বাসপ্রশ্বাস সহজ করা হয়।তবে তাকে আর কতদিন হাসপাতালে থাকতে হবে তা জানানো হয়নি।

এর আগে বুধবার ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করানোর সময় প্রেসিডেন্ট জ্যাকব জুমা সবাইকে আতঙ্কিত না হবার জন্য অনুরোধ করেন।

জানা গেছে, দীর্ঘদীন কারাগারে বন্দি থাকা অবস্থায় ম্যান্ডেলার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়।
এ নিয়ে গত দুই বছরে তাকে চারবার ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হল।

এর আগে ১৯৮০ সালের দিকে রবেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় ম্যান্ডেলার যক্ষ্মা ধরা পড়ে।
১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ম্যান্ডেলা। সংখ্যালঘু বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার পতনের সংগ্রামের জন্য ২৭ বছর কারাবাস করতে হয়েছিল তাকে। ১৯৯০ সালে তিনি কারগার থেকে মুক্তি পান।
বর্ণবাদবিরোধী এ সংগ্রামের জন্য ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে স্বীকৃত।
শনিবার প্রেসিডেন্টের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পুনরায় নিউমোনিয়ার প্রকোপ দেখা দেয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ সময় নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা সারা বিশ্বের মানুষকে প্রার্থনা করারও আহ্বান জানান।

ম্যান্ডেলার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদলের ওপর পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে প্রেসিডেন্ট জুমা বিবৃতিতে বলেন, তাদের নেতাকে সুস্থ করে তোলার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং ম্যান্ডেলার অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।