ইউএই’র সরকারবিরোধীদের বিচার: ৯৪ জনের মধ্যে কুয়েতি ২
আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল জানুয়ারিতে বলেছিলেন, এই গোষ্ঠীটি মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত। তারা আমিরাতের রাষ্ট্রযন্ত্রকে অস্থিতিশীল করে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল।
সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার অভিযোগে বিচারের মুখোমুখি মুসলিম ব্রাদারহুডের সন্দেহভাজন ৯৪ জন সদস্যের মধ্যে ২ জন কুয়েতি নাগরিক রয়েছেন।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল সাবাহ শনিবার আরব সংবাদপত্র আশারাক আল আওসাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
কুয়েতি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘সন্দেহভাজন ওই দুই কুয়েতি এই কর্মকাণ্ডে অর্থ সরবরাহ করেছেন।’
আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল জানুয়ারিতে বলেছিলেন, এই গোষ্ঠীটি মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত। তারা আমিরাতের রাষ্ট্রযন্ত্রকে অস্থিতিশীল করে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল।
চলতি মাসের শুরুতে এ সম্পর্কিত বিচার কাজ শুরু হয়।
মুসলিম ব্রাদারহুড কুয়েতে নিষিদ্ধ নয়। আরব উপসাগরীয় অঞ্চলে এটি সবচেয়ে প্রকাশ্য ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী। ওই অঞ্চলের বেশ কয়েকজন বিরোধীদলীয় রাজনীতিক ব্রাদারহুডের সঙ্গে যুক্ত।
২ বছরে আরব বিশ্বের গণজাগরণ বেশ কয়েকটি আরব রাষ্ট্রের একনায়কদের পতন ঘটিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত ওই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত দুটি রাষ্ট্রই উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের সদস্য। ছয় সদস্যের এই কাউন্সিলের অপর সদস্যরাষ্ট্রগুলো হচ্ছে সৌদি আরব, বাহরাইন, কাতার এবং ওমান। তারা পরস্পরের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত।
আর আরব বিশ্বের গণজাগরণ ওই রাষ্ট্রগুলোর সরকার ব্যবস্থা পরিবর্তনে তেমন কোনো প্রভাব তৈরি করতে সক্ষম হয়নি।
