২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাবস্থা’ ঘোষণা উত্তর কোরিয়ার

পরমাণু অস্ত্র পরীক্ষার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে “যুদ্ধাবস্থায়” প্রবেশ করছে বলে ঘোষণা করেছে।

রয়টার্স

রয়টার্স

Published : 30 Mar 2013, 06:36 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

শনিবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, “এখন থেকে, উত্তর-দক্ষিণের সম্পর্ক যুদ্ধাবস্থায় প্রবেশ করবে এবং এরপর থেকে উত্তর এবং দক্ষিণের মধ্যে উদ্ভূত যে কোনো ইস্যু এর আলোকে পরিচালনা করা হবে।”

বিবৃতিটি উত্তর কোরিয়া সরকার, সরকারি দল ও অন্যান্য সংগঠন যৌথভাবে প্রকাশ করেছে বলে জানিয়েছে কেসিএনএ।

মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরু করার পর থেকে প্রায় প্রতিদিন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। হুমকির পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায়ও রেখেছে।

এসব সত্ত্বেও উত্তর কোরিয়া সীমান্ত এলাকায় একটি যৌথ শিল্প এলাকার উৎপাদন অব্যাহত রেখেছে। এখানে কয়েকশ’ দক্ষিণ কোরীয় কর্মী প্রতিদিন সীমান্ত পার হয়ে কাজ করতে আসে।

এ ধরনের কয়েকটি কারণে বেশিরভাগ লোকেরই ধারণা, উত্তর কোরিয়া একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করার ঝুঁকি নেবে না।

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ কোনো শান্তি চুক্তি ছাড়াই শুধুমাত্র অস্ত্র বিরতির মাধ্যমে স্থগিত করা হয়েছিল, তাই পরোক্ষভাবে দুই কোরিয়া সবসময় যুদ্ধাবস্থায়ই আছে। তবে ওই সমঝোতা এখন আর কার্যকর নয় বলে মার্চের প্রথম দিকে ঘোষণা করেছে উত্তর কোরিয়া।