২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকেট তাক করেছে উত্তর কোরিয়া

মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর জন্য রকেট মোতায়েন করেছে উত্তর কোরিয়া। যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) রকেট বাহিনীকে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Mar 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে বি-২ স্টিলথ বোমারু বিমানের মহড়া দেওয়ার পর উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকে প্রস্তুত রাখার এ উদ্যোগ নিল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) জানায়, দেশটির নেতা কিম জং উন বৃহস্পতিবার মধ্যরাতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রকেট মোতায়েন করা এবং যে কোনো সময় মার্কিন ভূখণ্ডসহ প্রশান্ত মহাসাগরের হাওয়াই, গুয়াম দ্বীপ ও দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত থাকার নির্দেশ দেন।

বৈঠকে উন বলেন, বিদ্যমান পরিস্থিতিতে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে বোঝাপড়া করার সময় এসেছে।

উত্তর কোরিয়ার হুমকির মুখে বৃহস্পতিবার শক্তি প্রদর্শন করতে দক্ষিণ কোরিয়ার আকাশে দুটি স্টিলথ বিমানের মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া এ মহড়াকে যুদ্ধের পাঁয়তারা বলে অভিযোগ করে আসছে।

তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, তাদের এ মহড়া ‘প্রতিরক্ষামূলক’। এরই জবাবে তাত্ক্ষণিকভাবে রকেট তাক করার উদ্যোগ নিলেন কিম জং উন।

ওদিকে, দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, উত্তর কোরিয়ার মাঝারি এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে অতিরিক্ত সেনা এবং সাঁজোয়া যানের তৎপরতা লক্ষ্য করা গেছে।এতে করে তারা যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত রয়েছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

উত্তর কোরিয়ার এ তৎপরতায় প্রতিক্রিয়া প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেন, “উত্তর কোরিয়াকে বুঝতে হবে যে, তারা যা করছে তা বিপজ্জনক। আমরা তাদের এসব উসকানি গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং এর সমুচিত জবাব আমরা দেব।